বিজ্ঞানই আধুনিক সভ্যতার মূল চালিকাশক্তি উল্লেখ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, একটি জাতির উন্নয়ন, উদ্ভাবন ও অগ্রগতির জন্য বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির মতো জাতীয় প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী।
গতকাল আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াডের বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম অঞ্চলের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া এবং র্যানকন সি ফিশিং ডিভিশন ও র্যানকন এফসি প্রপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিজ্ঞান অলিম্পিয়াডের আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ সামসুল আলম।
অলিম্পিয়াডে কলেজ ও স্কুল পর্যায়ের মোট ৪২৭ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে কলেজ পর্যায়ে অংশ নেন ২১৬ জন। স্কুল পর্যায়ে ২১১ জন। আয়োজক সূত্র জানায়, এ বিভাগীয় প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের মোট ৪৪টি কলেজ ও ৬২টি স্কুলসহ সর্বমোট ৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞপ্তি।



