চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় নিজ বাসার ড্রয়িংরুমে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে শাহিদ হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতা ও সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক ও ব্যক্তিগত অশান্তির জেরে তিনি নিজেই গুলি চালিয়েছেন। তবে তার হাতে থাকা পিস্তলটি কোথা থেকে এলো, এর বৈধ কোনো লাইসেন্স ছিল কি না এবং অস্ত্রটি তিনি কীভাবে সংগ্রহ করেছিলেন এসব প্রশ্ন সামনে এসেছে।
শনিবার সকালে নগরীর হাজীপাড়া এলাকার ইমাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
নিহত শাহিদ হোসেন হাজীপাড়া এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা। সর্বশেষ তিনি ব্যাংকটির হাটহাজারী শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। পরে অন্যত্র বদলি করা হলে তিনি চাকরি ছেড়ে দেন। স্ত্রী শারমিন জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শাহিদ নিজেই চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপর থেকে বেকার ছিলেন। এলাকাবাসীরা জানান, নিহত শাহিদ হোসেন যুবলীগের রাজনীতির সাথে জড়িত নগর সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনের অনুসারী ছিলেন। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
ঘটনার পর শাহিদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বাসায় থাকা পরিবারের সদস্যদের কাছ থেকেও ঘটনার বিষয়ে তথ্য নেয়া হচ্ছে।
শারমিন আরো জানিয়েছেন, তাদের দুই সন্তান রয়েছে এবং বর্তমানে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর কাছে অস্ত্র থাকার বিষয়টি আগে জানতে পারলে সেটি সরিয়ে ফেলতেন।



