টাইমস হায়ার অ্যাডুকেশন ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে বড় অগ্রগতি

এসডিজি-১৬ সূচকে বিশ্বের ২৪তম ঢাবি

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার অ্যাডুকেশন প্রকাশিত ইমপ্যাক্ট র‌্যাংকিং ২০২৬-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ঢাবি। জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়নের এই র‌্যাংকিংয়ে ‘পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস’ বা এসডিজি-১৬ সূচকে বিশ্বের মধ্যে ২৪তম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

গতকাল প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী, বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ‘নো পোভার্টি’ (এসডিজি-১) সূচকে ৩০১-৪০০, ‘গুড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং’ (এসডিজি-৩)-এ ৪০১-৬০০, ‘কোয়ালিটি এডুকেশন’ (এসডিজি-৪)-এ ৩০১-৪০০ এবং ‘জেন্ডার ইক্যুয়ালিটি’ (এসডিজি-৫)-তে ৬০১-৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ (এসডিজি-৮)-এ ২০১-৩০০, ‘রিডিউসড ইনইক্যুয়ালিটিজ’ (এসডিজি-১০)-এ ৪০১-৬০০, ‘সাসটেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ (এসডিজি-১১)-এ ১০১-২০০ এবং ‘পার্টনারশিপস ফর দ্য গোলস’ (এসডিজি-১৭)-এ ১০১-২০০ ব্যান্ডে অবস্থান করেছে ঢাবি।

সামগ্রিক র‌্যাংকিংয়েও বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। গত বছর যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০১-১৫০০ ব্যান্ডে অবস্থান করেছিল, সেখানে এবার উঠে এসেছে ৪০১-৬০০ ব্যান্ডে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা এবং সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মূল্যায়ন করে এই র‌্যাংকিং প্রকাশ করা হয়। চলতি বছর বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের এক হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় এই মূল্যায়নের আওতায় এসেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্জন শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। বিশেষ করে শিক্ষা, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এসডিজি-১৬ সূচকে বিশ্বের ২৪তম স্থান অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানিয়েছে, জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন, সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই অর্জন শিক্ষা ও গবেষণার উৎকর্ষ এবং সমাজকল্যাণে বিশ্ববিদ্যালয়ের অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি বলেও মনে করছে কর্তৃপক্ষ।