প্রথম জয়ের খোঁজে আফগানিস্তান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তান এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ১৪টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তাতে ১১ জয় আফগানদের তিনটি সংযুক্ত আরব আমিরাতের। এমন অসম পরিসংখ্যানে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান আজ টি-২০ বিশ্বকাপে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মুখোমুখি হবে।

নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হারের পর আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে দুটি সুপার ওভারের লড়াইয়েও হারে। শূন্য পয়েন্ট নিয়ে সুপার আটে উঠতে গাণিতিক সমীকরণ মেলাতে আমিরাতের বিপক্ষে বিশাল জয় নিশ্চিত করতে হবে আফগানদের। আমিরাতের বিপক্ষে তাদের শেষ পাঁচ টি-২০ ম্যাচে আফগানিস্তান চারটি ম্যাচে জিতেছে। ২০২৩ সালের ডিসেম্বরে আফগানদের হারিয়ে প্রমাণ করে তারাও যেকোনো সময় বিপর্যয় ডেকে আনতে পারে। যেখানে আমিরাতের পয়েন্ট দুই। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ১৭৩ রান করেও হেরেছে ১০ উইকেটে। পরের ম্যাচে কানাডাকে হারিয়েছে ৫ উইকেটে। এই জয়টিই প্রেরণা আমিরাতের।

অরুণ জেটলি স্টেডিয়ামে টি-২০তে প্রথম ইনিংসের গড় স্কোর ১৭৩, যেখানে দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ১৪৯। ক্রিকেটের জন্য আজ আবহাওয়া আদর্শ, পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল আকাশ। ম্যাচের সময় তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

সকালের আর্দ্রতার কারণে টস একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। জিতলে অধিনায়করা ঝুকবেন বোলিংয়ের দিকে। সাধারণত সকালের খেলাগুলো ঐতিহ্যগতভাবে জুনায়েদ সিদ্দিক এবং ফজলহক ফারুকীর মতো বিশেষজ্ঞদের সহায়তা করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রহমানউল্লাহ গুরবাজ ৮৪ রান করার পর আফগানিস্তান পূর্ণ শক্তিতে আছে। আমিরাতের জন্য মোহাম্মদ ওয়াসিম আফগান দলের জন্য সবচেয়ে বড় হুমকি। আফগানিস্তান প্রথমে ব্যাট করলে স্কোর ২০০ ছাড়াতে পারে। দৃষ্টি থাকবে রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রশিদ খান, নূর আহমেদ, ফজলহক ফারুকী এবং আমিরাতের মুহাম্মদ ওয়াসিম, আলিশান শারাফু, জুনায়েদ সিদ্দিকী, মুহাম্মদ জাওয়াদুল্লাহর দিকে।

আফগানিস্তান প্রবল ফেভারিট হিসেবে নামবে। আইসিসির প্রধান ইভেন্টগুলোতে তাদের অভিজ্ঞতা, উচ্চতর স্পিন-বোলিংয়ের গভীরতা এবং শীর্ষস্থানীয় ব্যাটসম্যান গুরবাজের ধ্বংসাত্মক ফর্ম আমিরাতের বিপক্ষে সম্ভাব্য জয় হিসেবেই ধরা হচ্ছে।