তাহমিনা বিশ্বাস
শীতের শুরুতে সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ হঠাৎ বেড়ে যায়। আবহাওয়ার পরিবর্তনের কারণে ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং শিশু থেকে প্রাপ্তবয়স্ক- সবাই এই সমস্যায় আক্রান্ত হন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, শীতকালে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করাই সর্দি-কাশি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত খাদ্যতালিকায় কিছু উপকারী খাবার যুক্ত করলে শরীর স্বাভাবিকভাবে গরম থাকে এবং সংক্রমণের ঝুঁকি কমে যায়। ভিটামিন, মিনারেল ও অ্যান্টি অক্সিডেন্টসমৃদ্ধ এসব খাবার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।
আদা : শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানে সমৃদ্ধ। গলা ব্যথা কমাতে এবং ঠাণ্ডা-সর্দির সংক্রমণ প্রতিরোধে কার্যকর। চা বা গরম পানিতে আদা মিশিয়ে খেলে দ্রুত উপকার পাওয়া যায়।
মধু : গলার জ্বালা কমাতে সহায়ক এবং শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে। দীর্ঘস্থায়ী কাশি উপশমেও মধু অন্যতম প্রাকৃতিক ওষুধ।
রসুন : ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত। জিংক ও এলিসিন সমৃদ্ধ হওয়ায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
ভিটামিন সি সমৃদ্ধ ফল : লেবু, কমলা, আমলকী ও বাতাবি লেবুর মতো ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
হলুদ দুধ : হলুদের কুরকুমিন প্রদাহ কমায়। রাতে গরম দুধে হলুদ মিশিয়ে পান করলে সর্দি-কাশি দূরে থাকে এবং ঘুমও ভালো হয়।
স্যুপ ও অ্যান্টি অক্সিডেন্টযুক্ত সবজি : গাজর, বিট, টমাটোসহ বিভিন্ন সবজি শরীরকে পুষ্টি দেয় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।
চিকিৎসকেরা আরো জানাচ্ছেন, শীতকালে অনেকেই পানি কম পান করেন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই প্রতিদিন পর্যাপ্ত গরম পানি পান করা জরুরি। পাশাপাশি ধুলাবালু ও ঠাণ্ডা বাতাস এড়িয়ে চলা, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়াম করলে শীতকালীন অসুখ থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব।



