কোটালীপাড়া (গোপালগঞ্জে) সংবাদদাতা
ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতিকান্ত জয়ধর (৫০) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন এ যুবক।
এ ঘটনায় কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে পলোটানা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রতিকান্ত সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামের দেবেন জয়ধরের জ্যেষ্ঠ ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবনের শেষ সম্বল নিজের বসতভিটা বিক্রি করে তিনি সীমান্ত পাড়ি দেয়ার সিদ্ধান্ত নেন ভারতের উদ্দেশে।
তার উদ্দেশ্য ছিল ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে থাকা স্ত্রী-সন্তানের কাছে পৌঁছানো। দীর্ঘদিনের পারিবারিক বিচ্ছেদের অবসান ঘটিয়ে পরিবারের সাথে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন রতিকান্ত।
কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। স্থানীয়রা এ মর্মান্তিক ঘটনার জন্য গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি তদন্তের নিকট জানতে চাওয়া হলে তিনি বললেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। যদি কোনো তথ্য আসে তাহলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।



