ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ১০২ সাবেক ফরাসি-ব্রিটিশ কূটনীতিকের

Printed Edition

আলজাজিরা

ফিলিস্তিনে ইসরাইলের নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও ব্রিটেনের ১০২ জন সাবেক কূটনীতিক। এক যৌথ খোলা চিঠিতে তারা দুই দেশের সরকারকে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

গত শনিবার ফরাসি সংবাদমাধ্যম ল্য মঁদে প্রকাশিত চিঠিতে সাবেক কূটনীতিকরা বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বর্তমান নীতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে স্থায়ীভাবে নস্যাৎ করে দিতে পারে। একই সাথে ইসরাইলি ও ফিলিস্তিনিদের জন্য সমান অধিকার নিশ্চিত করতে ফ্রান্স ও যুক্তরাজ্যকে যৌথভাবে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়া এবং বসতি স্থাপনকারীদের ব্যাপক সহিংসতা- যার সাথে ইসরাইলি সেনাবাহিনী ও পুলিশের যোগসাজশ রয়েছে- ‘জাতিগত নিধনের’ শামিল। সাবেক কূটনীতিকদের ভাষ্য, বিশ্বের কাছে ইসরাইলের ‘প্রকৃত গণতন্ত্র’ হিসেবে গ্রহণযোগ্যতা আর আগের মতো নেই। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে জাতিসঙ্ঘে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত জেরেমি গ্রিনস্টক ও এমির জোনস প্যারি এবং মধ্যপ্রাচ্যবিষয়ক ফ্রান্সের সাবেক দুই শীর্ষ কর্মকর্তা ইভস অউবিন দ্য লা মেজুসিয়ের ও দ্যনি বোশার্ড রয়েছেন। সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত নিকোলাস হপটন বলেন, চিঠিতে ব্যবহৃত কঠোর ভাষা কূটনীতিকদের নিজস্ব উদ্ভাবন নয়; বরং জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক আইনবিষয়ক বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে এসব শব্দ ব্যবহার করা হয়েছে।