ফরিদপুরে ২ ভাইসহ ৩ জন ও হবিগঞ্জে শিক্ষক নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গায় ২ ভাইসহ ৩ জন এবং হবিগঞ্জের বাহুবলে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা তাদের এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে মোটরসাইকেলে ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মোহাম্মদপুর সদিক গ্রামের করিম মণ্ডলের দুই ছেলে সুমন মণ্ডল (২৫) ও ইমন মণ্ডল (২২) এবং একই গ্রামের বাসিন্দা তাদের মামাতো ভাই মো: আশিক মোল্লা (২২)।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই রাসেল জানান, দুর্ঘটনা কবলিত (ঝিনাইদহ ল-১১-৯২৫৭) মোটরসাইকেলটিকে বরিশালগামী অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, রোববার সকালে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক চাপায় রূপজিত কর রাজু (৩৬) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার নতুনবাজার এলাকার বেন্দারপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপজিত কর রাজু উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া যাওয়ার উদ্দেশ্যে মিরপুর বাজারে বাসে তুলে দেয়ার পর রাজু কর বাড়ি ফিরে আসেন। এরপর এলাকার আরো দুইজনকে সাথে নিয়ে মিরপুর শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়ক ধরে নতুনবাজার এলাকায় হাঁটতে যান। সকাল ৭টার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গলগামী একটি সবজি বোঝাই ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনায় রূপজিত কর রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রূপজিত কর রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা মধ্যপাড়ার মো: ইমান আলী ফকির (৪০) মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। তিনি বাঁশিলা মধ্যপাড়ার মো: আব্দুল জলিল ফকিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার কর্মস্থল বগুড়ায় গ্রামীণ ব্যাংকে যাওয়ার পথে বগুড়া সাত মাথায় ট্রাকের সাথে সংঘর্ষ গুরুতর আহত হন ইমান আলী। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেল নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।