চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীস্থ শাহ মঞ্জিল সিরাত ময়দানে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক সিরাতুন্নবী সা: মাহফিলের তৃতীয় দিবস অনুষ্ঠিত হয়েছে। মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা চুনতী (রহ:) কর্তৃক প্রবর্তিত এই মাহফিলে বক্তারা মানবজীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সা:-এর সুন্নাত অনুসরণ, তাকওয়া অর্জন এবং সাহাবিদের আদর্শে দ্বীন প্রতিষ্ঠার তাগিদ দেন।
বৃহস্পতিবার লোহাগাড়া কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু বকরের সভাপতিত্বে দিনব্যাপী এ অধিবেশন অনুষ্ঠিত হয়। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় এতে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন দেশবরেণ্য আলেম ও আলোচকরা।
মাহফিলে ‘পুনরুত্থান ও হাশরের ময়দানের বর্ণনা’ বিষয়ে বক্তব্য দেন চকরিয়া সোসাইটি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক সাঈদী। তিনি বলেন, আখিরাতের হিসাব-নিকাশের কথা মাথায় রেখে প্রত্যেক মুসলিমকে ইহকালে নেক আমল ও তাকওয়া অর্জনে আত্মনিয়োগ করতে হবে।
‘মদিনায় হিজরতের প্রেক্ষাপট ও হিজরি সন’ নিয়ে ফটিকছড়ি নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মাওলানা মুহাম্মদ নাঈম কাদের বলেন, হিজরতের ঘটনা ঈমান, ত্যাগ ও শৃঙ্খলার অনন্য শিক্ষা দেয়। এ ছাড়া চুনতী শাহ হাবিবিয়া নূরানী একাডেমির পরিচালক আলহাজ মাওলানা সালাহ উদ্দীন হাবিবী মহানবীর সা: সুন্নাতকে বিজ্ঞানসম্মত ও সর্বযুগে কার্যকর উল্লেখ করে তা অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
‘দ্বীন প্রতিষ্ঠায় সাহাবায়ে কিরামের পথ’ নিয়ে আলোচনা করেন ঢাকার মাওলানা ফখরুদ্দিন। তিনি বলেন, ত্যাগ ও ঐক্যের মাধ্যমে সাহাবিরা যেভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, তা বর্তমান মুসলিম বিশ্বের জন্য অনুসরণীয়। বিজ্ঞপ্তি।



