গাজীপুর মহানগর প্রতিনিধি
আন্তর্জাতিক র্যাংকিংয়ে সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারো দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। একই সাথে এশিয়ার মধ্যে ৪০১-৫০০তম অবস্থানে থেকে জাতীয় পর্যায়েও শক্ত অবস্থান ধরে রেখেছে।
২৩ এপ্রিল প্রকাশিত এ র্যাংকিংয়ে দেখা যায়, বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে ১৯টি সরাসরি এবং ৯টি রিপোর্টার বিশ্ববিদ্যালয়। এ তালিকায় গাকৃবি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় অঙ্গনেও নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখেছে। গবেষণায় ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে স্বীকৃত গাকৃবি এবারের র্যাংকিংয়ে গুণগত গবেষণায় (রিসার্চ কোয়ালিটি) ৬৭ স্কোর অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান, গভীরতা ও বৈশ্বিক প্রভাবের প্রতিফলন। এ বছর এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি শীর্ষ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প-সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি- এই পাঁচটি সূচকে মূল্যায়ন করা হয়েছে।
র্যাংকিংয়ে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় টানা অষ্টমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে।
২০২৫ সালের টিএইচই এশিয়া র্যাংকিংয়েও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ছিল গাকৃবি।
অন্য দিকে, ইউআইআর (টজও) ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৭৭তম স্থান অর্জন করে জাতীয়ভাবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে গাকৃবি।
র্যাংকিংয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক যেকোনো র্যাংকিংয়ে ধারাবাহিক সাফল্য কেবল একটি অবস্থান নয়, এটি আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রয়াসের স্বীকৃতি।



