৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফলের আহ্বান সেলিম উদ্দিনের

Printed Edition
লং মার্চকে সামনে রেখে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত
লং মার্চকে সামনে রেখে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে থানা আমির সম্মেলন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। পাশাপাশি লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। গতকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর বারিধারায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ক্ষমতায় গিয়ে আপনারা সব ভুলে গেলেন? জনগণের গণরায় সরকারকে মানতে হবে। আমরা চাই আপনারা মেয়াদ পূর্ণ করেন; কিন্তু জনগণকে অসন্তুষ্ট করলে, জনরায়কে উপেক্ষা করলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। জনগণের দাবি নিয়ে আমরা তাদের কাছে যাচ্ছি। লংমার্চ তারই অংশ।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, দেশ বাঁচাতে সংস্কারের কোনো বিকল্প নেই। গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচার দ্রুত নিশ্চিতে দৃশ্যমান ভূমিকা না রাখলে জন-অসন্তুষ্টির শিকার হতে হবে আপনাদের। বহু রক্তে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে ছাত্র-জনতা আবারো রাজপথে নামবে।

আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীবাসীকে শাপলা চত্বর থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান, সরকার নাসির উদ্দীন প্রমুখ।