নয়া দিগন্ত ডেস্ক
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে গতকাল সন্ধ্যায় যাত্রীবাহী একটি গাড়িতে উচ্চমাত্রার বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থানের কাছে এই ভয়াবহ বিস্ফোরণে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। এতে গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ঘটনাস্থলে হতাহতদের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
দিল্লি পুলিশ জানিয়েছে, এটি ছিল একটি খুবই শক্তিশালী বিস্ফোরণ। পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের বলেন, বিস্ফোরণটি একটি ধীরে চলা গাড়িতে ঘটেছে, যা লালকেল্লা ট্রাফিক সিগন্যালের কাছে থেমেছিল। গাড়িটিতে যাত্রীও ছিলেন। বিস্ফোরণে আশপাশের আরো কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিস্ফোরণে মোট ৯টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটি নাদিম নামে এক ব্যক্তির নামে নিবন্ধিত ছিল এবং এর নম্বর হরিয়ানার।
ভারতের শীর্ষ তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) তদন্তে যোগ দিয়েছে।
উপ-মহানগর ফায়ার অফিসার এ কে মালিক বলেন, ‘আমরা সাথে সাথেই সাড়া দিয়েছি এবং ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়েছে। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ দিকে বিস্ফোরণের পরপরই বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী এলাকাটি ঘিরে ফেলে। সারা বছর যেসব পর্যটকের ভিড়ে এলাকা সরগরম থাকে, সেখানে মুহূর্তেই নেমে আসে বিশৃঙ্খলা ও আতঙ্ক।
কিছুক্ষণের মধ্যেই একের পর এক অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাছের সরকারি লোক নায়ক হাসপাতালে (এলএনজেপি), যেখানে বহু আহতকে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পর মুম্বাই, কলকাতা, জয়পুর, হরিয়ানা, পাঞ্জাব, হায়দরাবাদ, উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আজ ভোটের দ্বিতীয় ও শেষ দফা হওয়ায় বিহারেও সতর্কতা জারি রয়েছে। কেরালায়ও রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।
বিস্ফোরণটি এমন এক দিন ঘটেছে, যে দিন রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে, পার্শ্ববর্তী হরিয়ানার ফরিদাবাদে ২,৯০০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল।
১৭শ শতাব্দীতে মুঘল সম্রাটদের দ্বারা নির্মিত লালকেল্লা, ‘লাল কিলা’ নামেও পরিচিত। এটি দিল্লির পুরনো জনবহুল এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।



