নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরনো পথে হাঁটছে। তিনি বলেন, ছয় মাসে বিএনপি সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান যেভাবে দলীয়করণ করেছে, তা পতিত আওয়ামী লীগকেও হার মানিয়েছে। আওয়ামী লীগ ১৭ বছরে যে দলীয়করণ করেছে, বিএনপি ছয় মাসে তার চেয়ে কম করেনি।
গতকাল শুক্রবার ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোনের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ সেøাগান দিয়ে ক্ষমতা গ্রহণের পর তারা ‘সবার আগে বিএনপি’ নীতিতে চলছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি মসজিদ-মাদরাসার মতো সামাজিক প্রতিষ্ঠানগুলোতেও দলীয় লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে।
১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, সরকার যদি সংসদে জনগণের দাবি মেনে না নেয়, তাহলে জনগণের অধিকার আদায়ে বিরোধী দল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরালো করতে বাধ্য হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সংসদে জনগণের অধিকার আদায়ের চেষ্টা চালাচ্ছে। কিন্তু গণভোটে জনগণের গণরায় মেনে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই এর সমাধান হবে। এ জন্য যা যা করণীয়, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে তা করবে। জনগণের অধিকার আদায়ে অতীতের মতো জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা রাখবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট, দ্রব্যমূল্যের ক্রমেই ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দলীয়করণ ও নৈরাজ্য চলছে। এসব দেখে বোঝার উপায় নেই বাংলাদেশে কোনো সরকার আছে। অথচ সরকার প্রচার করছে, ৬৩ শতাংশ জনগণ সরকারের কাজে সন্তুষ্ট। কোনো কাজের ওপর দেশের ৬৩ শতাংশ জনগণ সরকারের ওপর সন্তুষ্ট- তা প্রকাশ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।



