তাইজুলের ব্যথা কমায় স্বস্তি টাইগারদের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে স্বস্তির খবর পেল বাংলাদেশ। অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের চোটের ব্যথা কমেছে। ফলে তাকে নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি অনেকটাই কেটে গেছে। যদিও পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না, তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে বলে আশা করছেন জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান। বিসিবির ভিডিওবার্তায় ফিজিও জানান, প্রথম টেস্টের আগেই এই স্পিনার ফিট হয়ে উঠবেন বলে আশা তার।

বায়েজেদুল বলেন, গত পরশু (তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে) ব্যাটিংয়ের সময় তাইজুল যে ব্যথা পেয়েছিল, সেই ব্যথা অনেকটাই কমে এসেছে। ফোলা ও ব্যথা- দু’টিই কমে এসেছে। মূল খেলার (প্রথম টেস্ট শুরুর) আরো পাঁচ দিন বাকি আছে। আমাদের হাতে চার দিন সময় আছে। আমি আশা করছি, এই সময়ে তাকে পুরোপুরিই অ্যাভেইলেবল পাওয়া যাবে।

সময় গড়ানোর সাথে সাথে তার ব্যথা কমেছে। এতে অস্ট্রেলিয়া সিরিজে তার খেলার সম্ভাবনাও বেড়েছে। টিম ম্যানেজমেন্ট অবশ্য তাইজুলকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবে না। সিরিজের আগে তার ফিটনেস এবং বোলিংয়ের সক্ষমতা আরো একবার পর্যবেক্ষণ করা হতে পারে। তবে টেস্ট ও দীর্ঘ সংস্করণের ক্রিকেটে নিয়মিত সাফল্য পাওয়া এই স্পিনারকে ঘিরে দলের পরিকল্পনাও থাকে আলাদা। উইকেট থেকে স্পিন সহায়তা মিললে তো বটেই, ব্যাটারদের ওপর চাপ ধরে রাখতেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচই কঠিন পরীক্ষা। এমন পরিস্থিতিতে তাইজুলকে পাওয়া গেলে বোলিং আক্রমণ আরো ভারসাম্যপূর্ণ হবে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তার শারীরিক অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুত ম্যাচের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান তাইজুল। পরের দুই দিনে আর মাঠে নামতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০ রান করার পথে মেহেদী হাসান মিরাজের সাথে ৩০ রানের জুটি গড়েছিলেন তাইজুল। ওই চোটের কারণে পরে বোলিং অনুশীলন আর করতে পারেননি দেশের সফলতম এই টেস্ট বোলার।