রংপুর ব্যুরো
পরিচ্ছন্নতাকর্মীদের সন্তান যখন সিটি করপোরেশনের প্রশাসকের চেয়েও অনেক উঁচু আসনে বসবে তখন আমার শ্রম সার্থক হবে বলে মন্তব্য করেছেন রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন।
সোমবার গতকাল দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ঈদের উপহারের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডন বলেন, ‘রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পরে আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। রংপুর শহরের মানুষের মধ্যেই বলছেন যে রংপুর শহর আগের চেয়ে অনেকাংশে পরিবর্তন হয়েছে। আমার এই সিটি করপোরেশনের প্রতি যে মানুষের একটা নতুন যে একটা ধারণা এসেছে, এই ধারণাটি সৃষ্টি করার পেছনের কারিগর হচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা ।
ডন বলেন, ‘আমি প্রত্যাশা করব আমাদের রংপুর সিটি করপোরেশনের এবং বর্তমান সরকারের যতটুকু সামর্থ্য আছে সবটুকু সামর্থ্য নিয়ে আপনাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব।
ডন বলেন, ‘আমি দোয়া করি এবং প্রত্যাশা করি আপনাদের এই সন্তানরা যেদিন আমার চেয়েও বড় মানুষ হবে সেদিন আমি মনে করব যে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পেরেছি। পরে তিনি ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে পাঁচ হাজার করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকার ঈদ উপহারের চেক প্রদান করেন। ঈদে এই টাকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন পরিচ্ছন্নতাকর্মীরা।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো: রুবেল রানা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: নিখিলেন্দ্র শংকর গুহ রায়, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নাঈম হাসান খান পরিচ্ছন্নতাকর্মী বুলবুল হোসেন ও হাসনা বানু।



