নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
গতকাল সিআইডি সদর দফতরে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন। এ সময় সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে কর্মরত ছিলেন।
এনএসআইতে দায়িত্বে থাকাকালেই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। দীর্ঘ প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পেশাগত জীবনে তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ছাড়াও সিআইডি সদর দফতর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।



