মৌরিতানিয়াকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফুটবলের মেগা আসর বিশ্বকাপ শুরুর বাকি আর ৭৭ দিন। আগামী জুনের ১১ তারিখ যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার যৌথ আয়োজনে হবে ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় এই আসর। বিশ্বকাপের আগে ফিফা আন্তর্জাতিক বিরতিতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। নিজেদের মাঠে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫:১৫ মিনিটে মৌরিতানিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েন্স আয়ার্সের আলবার্তো হোসে আরমান্দো স্টেডিয়ামে।

বিশ্ব র‌্যাংকিংয়ে আফ্রিকা মহাদেশের দেশটির চেয়ে যোজন-যোজন এগিয়ে লিওনেল মেসিরা। ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা দ্বিতীয় হলেও ১১৫তম অবস্থানে রয়েছে মৌরিতানিয়া। প্রীতি ম্যাচে ল্যাটিন আমেরিকার দেশটির চেয়ে শক্তির পার্থক্য আকাশ-পাতাল ব্যবধান সাহারা মরুভূমির অন্তর্গত উত্তর পশ্চিম আফ্রিকার দেশটি।

কাতারে লুসাইল আইকনিক স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপ জয়ের পর প্রীতি ম্যাচে এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান দলের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা। র‌্যাংকিংয়ে শীর্ষ ২০-এ থাকা কোনো দলের বিপক্ষে খেলেনি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০১৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর থেকে কোচ স্কালোনির অধীনে আর্জেন্টিনা গত ৮ বছরে জিতেছে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা। এ পর্যন্ত এই কোচের অধীনে ৩০ ম্যাচ খেলে ২৪ জয়, ৪ ড্র ও ২ হার আলবিসেলেস্তেদের। আর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের বাইরে নিজেদের সর্বশেষ ১১ ম্যাচের সব ক’টিতে জিতেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হওয়ায় এদিন ফিফা আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে মাঠে নামবে জার্মানি, স্পেন, নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলগুলো। গ্রিসের জর্জিওস কারাইস্কাকিস স্টেডিয়ামে স্বাগতিকদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ওয়েম্বলি স্টেডিয়ামে ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড আতিথেয়তা দেবে প্রথম বিশ্বকাপজয়ী উরুগুয়েকে। টোটাল ফুটবলের দেশ নেদারল্যান্ডসের প্রতিপক্ষ আর্লিং হলান্ডের দেশ নরওয়ে। সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে স্বাগতিকরা মোকাবিলা করবে চারবারের বিশ্বকাপজয়ী জার্মানিকে। সার্বিয়ার বিপক্ষে খেলবে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শিরোপা জয়ী স্পেন।