নয়া দিগন্ত ডেস্ক
দেশে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল সকাল পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা সাড়ে আট শ’ পার হয়েছে। সর্বশেষ মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনজন এবং দু’জন সিলেট বিভাগে মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৩ শিশু। এর মধ্যে ৯৫৯ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১২৪ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪১ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮১৮ শিশু।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৮৫৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৫৮ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৩২ হাজার ৯০৫ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৬ হাজার ৬৫৫ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৪৯ হাজার ৫৬০ শিশু। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ১৫ হাজার ২৩৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ১১ হাজার পাঁচজন।
চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৯০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১১৮, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৩, চট্টগ্রামে ৭১, বরিশালে ৬৪, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।
সিলেটে আরো ২ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হামের প্রকোপে ফের দুই শিশুর মৃত্যু হয়েছে সেই সাথে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হাম ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৩০৩ জন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা গেছে দুই শিশু। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ মাসের অবিন্ধন দাশ মারা যায়। সে সিলেট নগরীর মনিপুরীপাড়ার বাসিন্দা। অপর শিশু দেড় বছরের জান্নাত সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা।



