সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে আগমন উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের অংশগ্রহণে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নিকলী উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। নিকলী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট বদরুল মোমেন মিটুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম)। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মো: সাইফুল ইসলাম, কারপাশা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রহমত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জারুইতলা ইউনিয়ন বিএনপির সদস্য সুরুজ আলী মেম্বার, দামপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: স্বাধীন, সহসভাপতি আমির উদ্দিন মেম্বার ও খুকুমণি আক্তার। নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

সাপের দংশনে ১ জনের মৃত্যু

গলাচিপায় সাপের কামড়ে জাকির হোসেন মৃধা (৫২) মারা গেছেন। গতকাল শনিবার সকালে নিজ ঘরে তার মৃত্যু হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কালিকাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। জানা গেছে, নিজ ঘরের খাটের উপর বসে পা ঝুলিয়ে বাদাম খাচ্ছিলেন। হঠাৎ তার ডান পায়ে সাপে কামড় দেয়। পরে আত্মীয় স্বজনরা তাকে গলাচিপা উপজেলা স্বস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে পটুয়াখালী নেয়ার পথে তার মৃত্যু হয়। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।

লংগদুতে সেনাবাহিনীর চক্ষু ক্যাম্প

গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ। দিনব্যাপী এ ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেন। পাশাপাশি ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। সব মিলিয়ে চিকিৎসাসেবা পেয়েছেন ৭০০ জন। লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শন কর্মকর্তাদের

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীর তীব্র ভাঙনে কদমতলী গ্রাম দিন দিন ছোট হয়ে আসছে। এলাকাবাসীর লিখিত আবেদনের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাগণ। জানা যায়, গত শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। পরিদর্শনকালে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী তত্ত্বাবধায়ক খাইরুল বাশার, মেঘনা ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সেলিম শাহেদ ও উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সালাহ উদ্দীন, উপসহকারী প্রকৌশলী তন্ময় পালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা।

গাংনীতে মাইনসদৃশ বস্তুর সন্ধান

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যক্ত একটি জমিতে একাধিক মাইনসদৃশ বস্তু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বেতবাড়িয়া গ্রামের কালু মালিথার পরিত্যক্ত জমিতে স্থানীয়রা মাইনসদৃশ কয়েকটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে নিরাপত্তা নিশ্চিত করেন। ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকার অসংখ্য মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে একাধিক মাইনের বাক্সসদৃশ বস্তু রয়েছে। এর ওপরে অন্তত ১০টি চাটকি পড়ে থাকতে দেখা গেছে। তবে এগুলো আসলে কী ধরনের বস্তু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাংনী (মেহেরপুর) সংবাদদাতা।

খুলনায় যুবদল নেতার বাড়িতে গুলি

বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সির বাড়িতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার তেঁতুলতলা গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলির একটি ঘরের জানালায় ও অপরটি দরজায় লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনটি মোটর সাইকেলে ছয় দুর্বৃত্ত বাহাদুর মুন্সির বাড়ির সামনে আসে। তাদের মধ্যে তিনজন বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে বাহাদুর মুন্সির মা ও পাশের ঘরে থাকা তার ছোট ভাইয়ের স্ত্রী ‘কারা কারা’বলে ডাক দিলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খুলনা ব্যুরো।

আশুগঞ্জে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে হুমকির শিকার হওয়ার অভিযোগে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তিন গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার সকালে অবরোধ চলায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। বাহাদুরপুর, তাজপুর ও দুর্গাপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, শনিবার সকালে তারা মেঘনা নদীতে গিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে বাধা দেন। এ সময় চারটি স্পিডবোটে করে এসে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা পিস্তল দেখিয়ে গুলি এবং গ্রাম থেকে উচ্ছেদের হুমকি দেন। পরে আতঙ্কিত হয়ে তারা নদী থেকে ফিরে মহাসড়কে অবস্থান নেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে সম্প্রতি অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এ ছাড়া একটি ভলগেটকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ইয়াবাসহ মাদককারবারি আটক

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৪০) ও সুখন (২২) নামে দুই মাদককারবারিকে ১৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে। শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে শ্রীবরদী পৌরসভার বড় পোড়াগড় এলাকায় অবস্থিত মিনি স্টেডিয়ামের সামনে পাকা রাস্তা থেকে অভিযান চালিয়ে ঐ মাদককারবারিদের গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে তাদেরকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলমের দিকনির্দেশনায় এসআই মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উপজেলার পোড়াগড় গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এবং সুখন শ্রীবরদী পৌরসভার পশ্চিম তাতিহাটি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা।