নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসামি গ্রেফতার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য কয়েক দফা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার পরে তাদের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারো মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরে তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতব্বরের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারো মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।



