ধানের শীষের পে ভোট চেয়ে জয় বাংলা বলে বক্তব্য শেষ করলেন আ’লীগ নেতা

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় ধানের শীষের পে ভোট চেয়ে বক্তব্য দেয়ার পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেছেন এক আওয়ামী লীগ নেতা। তার এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রকাশ্যে অবস্থান নেন আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী। মঙ্গলবার সন্ধ্যায় শিবচর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরীর নির্বাচনী উঠান বৈঠকে তারা উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে বক্তব্য রাখেন- শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান। প্রায় তিন মিনিটের বক্তব্যে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের পে কাজ করার ঘোষণা দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান উচ্চারণ করে বক্তব্য শেষ করেন। পরে মোবাইলে ধারণ করা ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাবেক পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাহার বেপারি এবং বিএনপির উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমেস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব আজমল খানসহ উভয় দলের নেতাকর্মীরা।

স্থানীয়ভাবে এ ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন-পূর্ব রাজনৈতিক সমীকরণ ও দলীয় অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।