জাতির ইতিহাসে কিছু কিছু ঘটনা সময়ের সীমা অতিক্রম করে নতুন যুগের সূচনা করে। জুলাই বিপ্লব তেমনি এক অনন্য অধ্যায়— এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, যা আমাদের জাতীয় চেতনা, রাজনৈতিক বাস্তবতা ও রাষ্ট্রীয় কাঠামোয় গভীর প্রভাব ফেলেছে। একে অবজ্ঞা করা মানে কেবল একটি ঐতিহাসিক ঘটনা অস্বীকার করা নয়; বরং এটি হবে গণআকাঙ্ক্ষার অবমূল্যায়ন, জাতির ত্যাগ, অর্জন ও সম্ভাবনাকে অগ্রাহ্য করা। এর পরিণতি হতে পারে ভয়াবহ— সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক বিপর্যয়।
চব্বিশের গণ-অভ্যুত্থান আমাদের স্মৃতিতে অম্লান হয়ে থাকা উচিত। এই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, সেই শহীদদের প্রতি জাতির দায় চিরন্তন। তাদের আত্মত্যাগ কোনো ক্ষণস্থায়ী আবেগ নয়; বরং এটি আমাদের স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে অগ্রযাত্রার স্থায়ী প্রেরণা। একটি জাতি তখনই পরিপক্ব হয়, যখন সে তার শহীদদের সম্মান করতে জানে এবং তাদের আদর্শকে ধারণ করে ভবিষ্যতের পথ নির্মাণ করে।
জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ত্যাগ ও আত্মদানের ইতিহাস রচিত হয়েছে, তা নিঃসন্দেহে আমাদের জাতীয় সম্পদ। এটি কেবল প্রতিরোধের গল্প নয়, পুনর্জাগরণের গল্প— অবদমিত কণ্ঠের মুক্তির গল্প। জুলাই যোদ্ধাদের রক্ত ও শ্রম কোনো দিন বৃথা যাবে না— এই বিশ্বাসই জাতিকে সামনে এগিয়ে নেবে। তাদের আত্মত্যাগের ফলেই অনেকেই রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হওয়ার সুযোগ পেয়েছেন, নির্বাসিতরা ফিরে এসেছেন মাতৃভূমিতে এবং অন্যায়ভাবে বন্দী থাকা মানুষ মুক্তির আলো দেখেছেন। অর্থাৎ— এই বিপ্লব ছিল এক বহুমাত্রিক পরিবর্তনের সূচনা।
রাষ্ট্রীয় প্রশাসনেও এই বিপ্লবের প্রভাব সুস্পষ্ট। দীর্ঘদিন ধরে পদবঞ্চিত, ওএসডি বা উপেক্ষিত কর্মকর্তাদের জন্য এটি ছিল ন্যায়বিচার পাওয়ার নতুন দুয়ার খুলে যাওয়া। তারা ফিরে পেয়েছেন কর্মপরিসর, পদোন্নতি এবং যাথাযথ দায়িত্ব পালনের সুযোগ। ফলে প্রশাসনে একটি নতুন উদ্যম, ন্যায্যতা এবং পেশাদারিত্বের পরিবেশ তৈরি হয়েছে— যা রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলেছে।
এই প্রেক্ষাপটে জুলাই বিপ্লবের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই; বরং এই ইতিহাস হৃদয়ে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে।
জাতির রাজনৈতিক ইতিহাসে একটি দুঃখজনক বাস্তবতা দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হয়েছে— কিছু রাজনৈতিক দল একবার ক্ষমতায় আরোহণ করার পর রাষ্ট্রযন্ত্রকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। প্রশাসন, এস্টাবলিশমেন্ট এবং রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করে। নির্বাচন নামের আয়োজন থাকলেও প্রকৃতপক্ষে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুুচিত হয়, প্রতিযোগিতামূলক রাজনীতির ক্ষেত্র সঙ্কীর্ণ হয়ে পড়ে। ফলে রাষ্ট্র ধীরে ধীরে একদলীয় কর্তৃত্ববাদী কাঠামোর দিকে ধাবিত হয়, যা গণতন্ত্রের মৌলিক চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে।
ক্ষমতা ধরে রাখার এই প্রবণতা শুধু নির্বাচনী প্রহসনে সীমাবদ্ধ ছিল না; বরং বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে গড়ে তোলা হয় ভয়াবহ দমন-পীড়নের সংস্কৃতি। ‘আয়নাঘর’ নামক গোপন নির্যাতনকেন্দ্রের উপমা হিটলারের কনসেনট্রেশন ক্যাম্পের স্মৃতি জাগায়— যেখানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত কর্মকাণ্ডের ফলে অসংখ্য পরিবার আজও শোক ও অনিশ্চয়তার ভার বহন করছে। হারিয়ে যাওয়া প্রিয়জনদের জন্য তাদের অপেক্ষা আজও শেষ হয়নি; চোখের পানি শুকায়নি। এই বেদনাদায়ক অধ্যায় জাতির বিবেককে নাড়া দেয় এবং ন্যায়বিচারের প্রশ্নকে সামনে আনে।
এই প্রেক্ষাপটে জুলাই বিপ্লব একটি যুগান্তকারী মোড় হিসেবে আবির্ভূত হয়েছে। এটি শুধু রাজনৈতিক পরিবর্তন নয়; বরং দীর্ঘদিনের অন্যায়, অবিচার ও দমননীতির বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিবাদের প্রতিফলন। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে নতুন করে আশা দেখিয়েছে— একটি এমন রাষ্ট্রব্যবস্থার, যেখানে গণতন্ত্র হবে কার্যকর, নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক। তাদের রক্তস্রোত অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।
তবে এই পরিবর্তনের মধ্যেও কিছু বেদনা অপূর্ণ থেকে গেছে। যারা গুম হয়েছেন, যারা আর ফিরে আসেননি— তাদের শূন্যতা পূরণ হওয়ার নয়। তাদের পরিবারের জন্য জুলাই বিপ্লব আংশিক স্বস্তি নিয়ে এলেও প্রকৃত শান্তি আসবে তখনই, যখন এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, বিচার এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত হবে। অতীতের অন্যায়ের বিচার না হলে ভবিষ্যতের গণতন্ত্রও ঝুঁকির মুখে পড়তে পারে।
জুলাই বিপ্লব আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে— গণতন্ত্র কখনোই স্বয়ংক্রিয়ভাবে টিকে থাকে না; একে রক্ষা করতে হয় নিরন্তর সচেতনতা, প্রাতিষ্ঠানিক শক্তি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। যেন ভবিষ্যতে আর কোনো শক্তি রাষ্ট্রযন্ত্রকে নিজের স্বার্থে ব্যবহার করে গণতন্ত্রকে বিপথগামী করতে না পারে, এ জন্য প্রয়োজন শক্তিশালী নির্বাচন ব্যবস্থা, স্বাধীন বিচারব্যবস্থা এবং জবাবদিহিমূলক প্রশাসন। এই বিপ্লবের অর্জন ধরে রাখাই এখন জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিপ্লব থেকে রাষ্ট্রসংস্কারের পথে
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান একটি যুগান্তকারী ঘটনা। এই অভ্যুত্থানের চূড়ান্ত ও প্রাতিষ্ঠানিক রূপ হলো ‘জুলাই সনদ-২০২৫’-একটি সুসংগঠিত, সুপরিকল্পিত ও ঐতিহাসিক রাজনৈতিক দলিল। এটি কেবল একটি নীতিপত্র নয়; বরং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন ও সুশাসন প্রতিষ্ঠার সমন্বিত রূপরেখা। সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা এবং দুর্নীতিদমনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোতে ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করে এই সনদ নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
জুলাই সনদের একটি গুরুত্বপূর্ণ দিক হলো— এর পেছনে বিদ্যমান বিস্তৃত রাজনৈতিক ঐকমত্য। দেশের মূলধারার প্রায় সব রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের বিভক্ত রাজনৈতিক সংস্কৃতিতে এক বিরল দৃষ্টান্ত। তবে একই সাথে কিছু দল নির্দিষ্ট ধারা বা উপধারার বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। এই ভিন্নমত প্রকাশ গণতান্ত্রিক চর্চারই অংশ এবং রাজনৈতিক সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরে। এটি প্রমাণ করে, ঐকমত্য মানেই একরৈখিকতা নয়; বরং ভিন্নমতের সহাবস্থানই সুস্থ গণতন্ত্রের ভিত্তি।
এই সনদের সংস্কার প্রস্তাবগুলো গভীরভাবে পর্যালোচনা করলে বোঝা যায়, এটি মূলত স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার সুদূরপ্রসারী উদ্যোগ। সংবিধানের ৭ক ও ৭খ ধারা বিলুপ্তকরণ, প্রায় ৫০টি মৌলিক সংস্কার প্রস্তাব, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ পৃথকীকরণ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুইবারে সীমাবদ্ধ করার মতো পদক্ষেপ ক্ষমতার কেন্দ্রীকরণ ভাঙার লক্ষ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ, ন্যায়পাল (Ombudsman) নিয়োগ এবং রাষ্ট্রপতির ক্ষমতার পুনর্বিন্যাস রাষ্ট্রীয় ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এই সনদকে কেবল একটি রাজনৈতিক দলিল নয়; বরং একটি গণআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ এটি জনগণের প্রত্যাশা ও ত্যাগের প্রতি একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। ফলে এই সনদের নৈতিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী।
জুলাই সনদ মূলত একটি রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল, যার বাস্তবায়নের দায়িত্ব নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের ওপর ন্যস্ত। সনদ অনুযায়ী, সরকার গঠনের প্রথম দুই বছরের মধ্যেই এসব সংস্কার কার্যকর করার অঙ্গীকার করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের সময়বদ্ধ সংস্কার প্রতিশ্রুতি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ, যা রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
গণভোটের মাধ্যমে এই সনদের আইনি বৈধতা অর্জন এর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। এটি প্রমাণ করে, জনগণ কেবল পরিবর্তন চায় না; বরং সেই পরিবর্তনের রূপরেখাও সমর্থন করে।
বর্তমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচনী জনসভায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন আহ্বান সনদের প্রতি রাজনৈতিক অঙ্গীকারকে দৃঢ় করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, ক্ষমতাসীন দল জুলাই বিপ্লবের চেতনা ধারণ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমেই তার সত্যতা যাচাই হবে। এখন এই সনদ বাস্তবায়ন করা তাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।
অতএব, জুলাই সনদ থেকে সরে আসা কিংবা আদালতের আশ্রয় নিয়ে তা বাতিল করার কোনো প্রচেষ্টা কেবল একটি দলিলকে অস্বীকার করা নয়; বরং চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনাকেই প্রশ্নবিদ্ধ করা। এমন পদক্ষেপ ভবিষ্যৎ রাজনীতিতে অনিশ্চয়তা ও সঙ্ঘাতের সৃষ্টি করতে পারে। তাই জাতীয় স্বার্থে, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এবং জনগণের প্রত্যাশা পূরণে জুলাই সনদের যথাযথ বাস্তবায়নই এখন সময়ের দাবি।
গণতন্ত্র কেবল একটি শাসনব্যবস্থা নয়, এটি একটি চর্চা— যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অপরিহার্য। ক্ষমতায় টিকে থাকার জন্য অসাংবিধানিক বা অনৈতিক পন্থা গ্রহণ সাময়িক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে রাষ্ট্র ও সমাজের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে ক্ষোভ জমে ওঠে, একসময় তা বিস্ফোরিত হয়।
অতএব, সতর্ক থাকা জরুরি। জনগণ একটি সুস্থ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করে— যেখানে রাষ্ট্র হবে সবার জন্য সমান সুযোগের ক্ষেত্র। যদি এই প্রত্যাশা ব্যর্থ হয়, তবে গণ-অসন্তোষের শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। জুলাই বিপ্লব কোনো একটি অতীত ঘটনা নয়; এটি চলমান দায়বদ্ধতা। এই বিপ্লবের শিক্ষা, চেতনা এবং অর্জন অক্ষুণ্ন রাখাই হবে জাতির প্রতি আমাদের প্রকৃত দায়িত্ব পালন। অন্যথায়, ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
লেখক : অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা



