কোরবানির চেতনা, ভুল ধারণা ও আত্মসমালোচনা

কোরবানির প্রকৃত সাফল্য পশুর আকার বা মূল্যে নয়। এর প্রকৃত মূল্য নির্ধারিত হয় মানুষের অন্তরের পরিবর্তনে। যদি কোরবানি একজন মানুষকে আরো সত্যবাদী, আরো বিনয়ী, আরো ন্যায়পরায়ণ, আরো দয়ালু এবং আরো আল্লাহভীরু করে তোলে— তবেই সেই কোরবানি অর্থবহ। নিজের মধ্যে যদি পশুসুলভ কোনো আচরণ বা অভ্যাস থেকে থাকে তা সবাইকে কোরবানি দিতে হবে— ত্যাগ করতে হবে। আর তখনই ঈদুল আজহার প্রকৃত চেতনা জীবন্ত হয়ে ওঠে।

প্রতি বছর ঈদুল আজহা মুসলিম বিশ্বের জন্য শুধু একটি ধর্মীয় উৎসব নয়; বরং আত্মত্যাগ, আত্মসমর্পণ এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক গভীর স্মারক হয়ে আসে। দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজেও এই উৎসব অত্যন্ত আবেগ, উৎসাহ এবং সামাজিক গুরুত্বের সাথে পালিত হয়। পশুর হাট, কোরবানির প্রস্তুতি, পরিবার-পরিজনের মিলন— সব কিছু মিলিয়ে এটি মুসলিম জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বাস্তবতা হলো, সময়ের সাথে সাথে কোরবানির প্রকৃত আত্মিক ও নৈতিক শিক্ষা অনেকাংশে আড়াল হয়ে যাচ্ছে। আচার-অনুষ্ঠান রয়ে গেছে; কিন্তু তার অন্তর্নিহিত চেতনা অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে। আজ মুসলিম সমাজের একটি বড় সঙ্কট হলো— ধর্মকে আমরা প্রায়ই বাহ্যিক রীতিনীতির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামকে আমরা কখনো কখনো কেবল কিছু নির্দিষ্ট অনুষ্ঠান, পোশাক, স্লোগান বা সামাজিক পরিচয়ের মধ্যে আবদ্ধ করি, অথচ এর নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক দিকগুলোকে যথেষ্ট গুরুত্ব দিই না। এর ফলে ধর্মের আত্মা দুর্বল হয়ে যায়, আর সমাজে জন্ম নেয় ভণ্ডামি, বিভাজন, অজ্ঞতা ও আত্মপ্রবঞ্চনা। কোরবানির প্রকৃত শিক্ষা এই সঙ্কটগুলোকে সামনে নিয়ে আসে এবং মানুষকে আত্মসমালোচনার আহ্বান জানায়।

কোরবানি মূলত পশু জবাইয়ের নাম নয়। এটি আত্মত্যাগের শিক্ষা। এটি মানুষের অহঙ্কার, লোভ, হিংসা, স্বার্থপরতা, অন্যায়, ভণ্ডামি এবং দুনিয়ার প্রতি অতি আসক্তিকে ত্যাগ করার আহ্বান। পবিত্র কুরআনে স্পষ্ট বলা হয়েছে— আল্লাহর কাছে পশুর রক্ত বা গোশত পৌঁছায় না; পৌঁছায় মানুষের তাকওয়া, আন্তরিকতা এবং আত্মসমর্পণ। কিন্তু দক্ষিণ এশিয়ার বহু সমাজে কোরবানি আজ অনেক ক্ষেত্রে সামাজিক প্রতিযোগিতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কে বড় গরু কিনেছে, কার পশুর দাম বেশি, কার কোরবানি বেশি আলোচনায় এসেছে— এ সব বিষয় অনেক সময় কোরবানির আধ্যাত্মিক উদ্দেশ্যকে ছাপিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এই প্রবণতাকে আরো বাড়িয়ে দিয়েছে। ইবাদত অনেক সময় বিনয় ও গোপনীয়তার পরিবর্তে প্রদর্শনের বিষয় হয়ে দাঁড়ায়। এটি আসলে বৃহত্তর একটি সমস্যার প্রতিফলন-মুসলিম সমাজের মধ্যে ধীরে ধীরে বস্তুবাদী মানসিকতার বিস্তার।

ইসলাম মানুষকে সম্পদ, বংশ, ক্ষমতা ও সামাজিক অহঙ্কারের দাসত্ব থেকে মুক্ত করতে এসেছিল। কিন্তু আজ অনেক মুসলমান নিজের অজান্তেই সেই বস্তুবাদী মানসিকতার শিকার হয়ে পড়েছে, যেটির বিরুদ্ধে ইসলাম লড়াই করেছিল। অর্থ ও সামাজিক মর্যাদা অনেকের কাছে নৈতিকতা ও চরিত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে; কিন্তু সেই ধর্ম মানুষের চরিত্রে ন্যায়বিচার, সততা, দয়া ও আত্মশুদ্ধি সৃষ্টি করতে পারছে না। দুনিয়ার বিশেষভাবে দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি হলো, বাহ্যিক ধার্মিকতাকেই প্রকৃত ধার্মিকতা মনে করা। মানুষকে প্রায়ই পোশাক, দাড়ি, টুপি, বক্তব্য বা আবেগ দিয়ে বিচার করা হয়; কিন্তু সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, বিনয়, শিষ্টাচার, দায়িত্ববোধ ও মানবিকতার মূল্যায়ন তুলনামূলকভাবে কম হয়। অথচ রাসূলুল্লাহ সা: মানুষের চরিত্রকেই ঈমানের সবচেয়ে বড় পরিচয় হিসেবে তুলে ধরেছেন। আজ দেখা যায়, কেউ নামাজ পড়ে, রোজা রাখে, কোরবানি দেয়; কিন্তু একই ব্যক্তি ব্যবসায় প্রতারণা করে, ঘুষ নেয়, দুর্নীতি করে, শ্রমিকের অধিকার নষ্ট করে, অন্যায়ভাবে ক্ষমতা ব্যবহার করে অথবা দুর্বল মানুষের ওপর জুলুম করে। এই দ্বিচারিতা শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয়। তরুণ প্রজন্মের অনেকেই তখন ধর্মকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখতে শুরু করে এবং ইসলামের প্রকৃত সৌন্দর্য থেকে দূরে সরে যায়।

আরেকটি বড় সমস্যা হলো, সংস্কৃতির কিছু উপাদানকে ধর্মের সাথে এক করে ফেলা। দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজ বহু শতাব্দীর ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। এর অনেক কিছুই সুন্দর ও মানবিক। কিন্তু সময়ের সাথে সাথে কিছু সামাজিক রীতি, কুসংস্কার ইত্যাদি ধর্মের অংশ হয়ে গেছে। মানুষ অনেক সময় না জেনেই এমন কিছু চর্চা করে, যা ইসলামের মৌলিক শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অথচ এ নিয়ে প্রশ্ন করা হলে অনেকে সেটিকে ধর্মবিরোধিতা হিসেবে দেখেন। এই অন্ধ অনুসরণ মুসলিম সমাজের চিন্তাশক্তিকে দুর্বল করেছে। অথচ ইসলাম জ্ঞান, গবেষণা, চিন্তা ও আত্মবিশ্লেষণের উপর অত্যন্ত গুরুত্ব দেয়। কুরআনের অসংখ্য আয়াতে মানুষকে চিন্তা করতে, পর্যবেক্ষণ করতে এবং সত্য অনুসন্ধান করতে আহ্বান জানানো হয়েছে। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে আবেগ জ্ঞানের উপর প্রাধান্য পাচ্ছে এবং যুক্তিনির্ভর আলোচনা বা আত্মসমালোচনা নিরুৎসাহিত হচ্ছে। এর ফলে মুসলিম সমাজের মধ্যে বুদ্ধিবৃত্তিক স্থবিরতা তৈরি হয়েছে। অন্য একটি ভুল ধারণা অনেকের মধ্যে আছে তা হলো— পরিবারের সব সদস্যের নামে কোরবানি দেয়া, আসলে বিষয়টি তা নয়। প্রতিটি পরিবারের জন্য একটি পশু কোরবানি দিতে হয়। নবী সা: সবসময় তাই করেছেন।

একসময় মুসলিম সভ্যতা জ্ঞান, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, গণিত, সাহিত্য ও নৈতিক নেতৃত্বে বিশ্বকে পথ দেখিয়েছিল; কিন্তু আজ বহু মুসলিম সমাজ জ্ঞানচর্চা ও গবেষণায় পিছিয়ে পড়েছে। ধর্মীয় আলোচনা অনেক সময় গভীরতা হারিয়ে কেবল আবেগ, দলীয় বিভাজন এবং তুচ্ছ বিতর্কে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। দুনিয়ার বিশেষভাবে দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজের আরেকটি বড় সঙ্কট হলো বিভক্তি ও দলাদলি। মতপার্থক্যকে সহনশীলতার সাথে গ্রহণ করার পরিবর্তে অনেক সময় তা বিদ্বেষে পরিণত হয়। মসজিদ, মাদরাসা, সামাজিক সম্পর্ক এমনকি ধর্মীয় অনুষ্ঠানও কখনো কখনো দলীয় পরিচয়ের দ্বারা প্রভাবিত হয়। মুসলমানরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়লে তাদের নৈতিক, রাজনৈতিক ও সামাজিক শক্তি দুর্বল হয়ে যায়। কোরবানির প্রকৃত শিক্ষা এই সঙ্কীর্ণতার বিরুদ্ধে দাঁড়ায়।

হজরত ইবরাহিম আ:-এর কাহিনী কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি মানুষের আত্মার পরীক্ষা। তিনি শুধু একটি সন্তানকে কোরবানি করার প্রস্তুতি নেননি; বরং নিজের আবেগ, ভালোবাসা ও ব্যক্তিগত আকাঙ্ক্ষাকেও আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছিলেন। সেই শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে— আমরা আসলে কী কোরবানি করছি? আমরা কি অহঙ্কার কোরবানি করছি? আমরা কি দুর্নীতি, অন্যায় ও লোভ ত্যাগ করছি? আমরা কি হিংসা, বিদ্বেষ ও বিভাজন দূর করছি? নাকি কোরবানিকে শুধুই একটি সামাজিক রীতি হিসেবে পালন করছি? ইসলাম কখনো শুধু আচার-অনুষ্ঠানের ধর্ম ছিল না। এটি ছিল নৈতিক বিপ্লবের আহ্বান। যদি সমাজে ন্যায়বিচার না থাকে, যদি দুর্নীতি ও অবিচার বৃদ্ধি পায়, যদি ধনী-গরিব বৈষম্য চরমে পৌঁছে যায়, যদি মানুষ সত্যবাদিতা হারিয়ে ফেলে— তাহলে কেবল ধর্মীয় অনুষ্ঠান সমাজকে রক্ষা করতে পারে না।

কোরবানির আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সামাজিক দায়িত্ববোধ। ইসলামে ইবাদত কখনো মানবিকতা থেকে বিচ্ছিন্ন নয়। কোরবানির গোশত আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে বণ্টনের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা হয়। ঈদুল আজহা শুধু ধনীদের আনন্দের উৎসব হতে পারে না; এটি এমন একটি সময়, যখন সমাজের অসহায় মানুষও সম্মান ও আনন্দ অনুভব করবে। কিন্তু বাস্তবে দেখা যায়, দক্ষিণ এশিয়ার বহু মুসলিম সমাজে অর্থনৈতিক বৈষম্য ক্রমশ বাড়ছে। একদিকে বিলাসিতা ও অপচয়, অন্যদিকে দারিদ্র্য ও বঞ্চনা। এই বাস্তবতা ইসলামের সামাজিক ন্যায়বিচারের শিক্ষার সাথে সাংঘর্ষিক। কোরবানি আমাদের মনে করিয়ে দেয়— একজন মুসলমানের ঈমান তখনই পূর্ণতা পায়, যখন সে নিজের স্বার্থের পাশাপাশি সমাজের দুর্বল ও অভাবী মানুষের কথাও ভাবে।

আধুনিক বিশ্ব আজ প্রযুক্তিগতভাবে উন্নত হলেও নৈতিক ও আত্মিক সঙ্কটে ভোগছে। বস্তুবাদ, ভোগবাদ, আত্মকেন্দ্রিকতা ও ক্ষমতার প্রতিযোগিতা মানুষের জীবনে অস্থিরতা, হতাশা ও নৈতিক শূন্যতা সৃষ্টি করছে। এই বাস্তবতায় কোরবানির শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি মানুষকে স্মরণ করিয়ে দেয়— জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু সম্পদ বা ক্ষমতা অর্জন নয়; বরং আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি এবং মানবকল্যাণ। দক্ষিণ এশিয়ার মুসলমানদের সামনে তাই আজ বড় চ্যালেঞ্জ হলো— ইসলামের বাহ্যিক রূপের পাশাপাশি তার অন্তর্নিহিত নৈতিক ও আত্মিক চেতনাকে পুনর্জীবিত করা। ধর্মকে কেবল আবেগ বা পরিচয়ের বিষয় না বানিয়ে জ্ঞান, নৈতিকতা, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিতে সমাজ গড়ে তোলা।

কোরবানির প্রকৃত সাফল্য পশুর আকার বা মূল্যে নয়। এর প্রকৃত মূল্য নির্ধারিত হয় মানুষের অন্তরের পরিবর্তনে। যদি কোরবানি একজন মানুষকে আরো সত্যবাদী, আরো বিনয়ী, আরো ন্যায়পরায়ণ, আরো দয়ালু এবং আরো আল্লাহভীরু করে তোলে— তবেই সেই কোরবানি অর্থবহ। নিজের মধ্যে যদি পশুসুলভ কোনো আচরণ বা অভ্যাস থেকে থাকে তা সবাইকে কোরবানি দিতে হবে— ত্যাগ করতে হবে। আর তখনই ঈদুল আজহার প্রকৃত চেতনা জীবন্ত হয়ে ওঠে।

লেখক : নিরাপত্তা বিশ্লেষক
[email protected]