বিশ্বব্যাপী যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। ট্যাংক, আর্টিলারি আর বিশাল সেনাবাহিনীর যুগ পেরিয়ে এখন যুদ্ধ নির্ভর করছে ড্রোন, সাইবার প্রযুক্তি ও তথ্যের ওপর। এই পরিবর্তন আরো তীব্রভাবে সামনে এসেছে চলমান ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধে। বিষয়টি ব্যাখ্যা করে প্রখ্যাত নিরাপত্তা বিশ্লেষক জর্জ ফ্রিডম্যান সম্প্রতি বলেছেন, ‘ভবিষ্যৎ যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে; কিন্তু আমরা এখনো অতীতের ধারণা দিয়ে সেটি বুঝতে চাইছি।’
এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, এই নতুন যুদ্ধ বাস্তবতায় বাংলাদেশের অবস্থান কোথায়? দেশটি কি নিরাপদ, নাকি অদৃশ্য এক নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে?
গত শতকের যুদ্ধগুলোতে বিজয়ের মূল চাবিকাঠি ছিল বিপুল সৈন্যসংখ্যা, ভারী অস্ত্রশস্ত্র এবং ভূখণ্ড দখলের সক্ষমতা। রাষ্ট্রগুলো মনে করত, যে বেশি সৈন্য মোতায়েন করতে পারবে এবং অধিক এলাকা নিয়ন্ত্রণে নিতে পারবে, তারাই শেষ পর্যন্ত জয়ী হবে। কিন্তু ২১ শ’ শতকে এসে এই ধারণা বদলে গেছে। এখন যুদ্ধের শক্তি নির্ভর করছে প্রযুক্তি, তথ্য এবং নির্ভুল আঘাত হানার ক্ষমতার ওপর।
বর্তমানে স্যাটেলাইটভিত্তিক গোয়েন্দা তথ্য শত্রুর অবস্থান, চলাচল ও দুর্বলতা মুহূর্তেই শনাক্ত করতে সক্ষম। ড্রোন ও স্বয়ংক্রিয় অস্ত্র দূর থেকে ঝুঁকিহীন আক্রমণের সুযোগ তৈরি করছে, যা প্রচলিত যুদ্ধের কৌশলকে অনেকটাই অচল করে দিয়েছে। পাশাপাশি সাইবার আক্রমণ ও তথ্যযুদ্ধ এখন গুরুত্বপূর্ণ অস্ত্র, যা যুদ্ধ ছাড়াই একটি রাষ্ট্রের অর্থনীতি, বিদ্যুৎব্যবস্থা, ব্যাংকিং নেটওয়ার্ক ও যোগাযোগ কাঠামো সরাসরি অচল করতে পারে।
ফলে যুদ্ধ আর সীমান্তে সীমাবদ্ধ নেই; বরং তা বিস্তৃত হয়েছে রাষ্ট্রের অভ্যন্তরে। অর্থনীতি, তথ্যপ্রবাহ এবং রাজনৈতিক স্থিতিশীলতাই এখন প্রধান লক্ষ্যবস্তু, যেখানে জয়-পরাজয় নির্ধারিত হয় গুলি নয়; বরং তথ্য ও প্রযুক্তির আধিপত্যে ।
ভূ-রাজনৈতিক বাস্তবতা : নীরব চাপের কেন্দ্র
বাংলাদেশ সরাসরি কোনো বৈশ্বিক যুদ্ধক্ষেত্র নয়, তবে এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। একদিকে ভারত, অন্যদিকে চীন- এই দুই আঞ্চলিক পরাশক্তির মাঝখানে অবস্থান করায় বাংলাদেশ এক সূক্ষ্ম ভূ-রাজনৈতিক ভারসাম্যের মধ্যে রয়েছে। দুই পরাশক্তির প্রতিযোগিতা এখন আর শুধু সামরিক নয়; বরং অর্থনীতি, অবকাঠামো, প্রযুক্তি ও প্রভাব বিস্তারের ক্ষেত্রেও বিস্তৃত। অন্যদিকে বঙ্গোপসাগর ঘিরে ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি, জ্বালানি অনুসন্ধান এবং বাণিজ্যিক গুরুত্ব বাংলাদেশের অবস্থান আরো জটিল করে তুলেছে। এই অঞ্চল আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এখানে বৈশ্বিক শক্তিগুলোর দৃষ্টি ক্রমেই বাড়ছে।
ফলে বাংলাদেশ সরাসরি কোনো সঙ্ঘাতে না জড়ালেও, এটি একটি ‘স্ট্র্যাটেজিক করিডোর’ হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বড় শক্তিগুলোর প্রতিযোগিতার প্রভাব রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা কাঠামোর ওপর পড়তে পারে। তাই দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, এই প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য বজায় রেখে নিজের স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখা।
বঙ্গোপসাগর এখন আর শুধু একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট নয়; এটি ধীরে ধীরে কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হচ্ছে। জ্বালানি সম্পদের সম্ভাবনা, আন্তর্জাতিক সমুদ্রপথের গুরুত্ব এবং বিভিন্ন দেশের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এটিকে ভূ-রাজনীতির দৃষ্টিতে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। ফলে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলো এখানে প্রভাব বিস্তারে সক্রিয় হয়ে উঠছে।
এই অঞ্চলে ভবিষ্যতের যেকোনা যুদ্ধের ধরনও হবে ভিন্ন। সরাসরি নৌযুদ্ধের পরিবর্তে দেখা যেতে পারে সাবমেরিন-ভিত্তিক যুদ্ধ। গোপনে পরিচালিত হবে শত্রুর গতিবিধির ওপর নজরদারি ও আক্রমণ। পাশাপাশি নৌ-ড্রোন হামলা সমুদ্রপথে নতুন ধরনের হুমকি তৈরি করবে, যা দ্রুত ও নির্ভুল আঘাত হানতে সক্ষম। স্যাটেলাইট নজরদারি পুরো অঞ্চলের ওপর রিয়েল-টাইম তথ্য সংগ্রহ করে যুদ্ধের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বাস্তবতায় বাংলাদেশের জন্য বার্তাটি স্পষ্ট, নৌবাহিনীর আধুনিকায়ন আর বিলাসিতা নয়; বরং একটি অপরিহার্য কৌশলগত প্রয়োজন। শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর নৌসক্ষমতা ছাড়া ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে।
‘হাইব্রিড যুদ্ধ’ : সঙ্ঘাত ছাড়াই অস্থিতিশীলতা
বর্তমান সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরাসরি সামরিক আক্রমণ নয়; বরং ‘হাইব্রিড যুদ্ধ’- যেখানে প্রচলিত অস্ত্রের পাশাপাশি তথ্য, অর্থনীতি, প্রযুক্তি এবং মনস্তাত্ত্বিক প্রভাবকে একত্রে ব্যবহার করা হয়। এ ধরনের যুদ্ধে শত্রু প্রকাশ্যে আক্রমণ না করেও কোন দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা অনেক সময় সরাসরি যুদ্ধের চেয়েও বেশি ক্ষতিকর হয়ে ওঠে।
বাংলাদেশের প্রেক্ষাপটে এই হুমকি ক্রমেই বাস্তব হয়ে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য বা গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি করা এখন সহজ। রাজনৈতিক সংবেদনশীল সময়ে এসব অপতথ্য দ্রুত ছড়িয়ে সহিংসতা বা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। একইভাবে, নির্বাচনপ্রক্রিয়ায় ডিজিটাল হস্তক্ষেপ বা প্রচারণার মাধ্যমে জনমত প্রভাবিত করার ঝুঁকিও বাড়ছে।
অন্যদিকে, ব্যাংকিং ও আর্থিক খাতে সাইবার হামলা বড় উদ্বেগের বিষয়। ডিজিটাল লেনদেন ও অনলাইন ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীলতা বাড়ার ফলে এই খাত আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অতীতে বড় ধরনের সাইবার হামলার অভিজ্ঞতা দেখিয়েছে, একটি সফল আক্রমণ পুরো অর্থনৈতিক ব্যবস্থা অচল করে দিতে পারে এবং জনগণের আস্থা নষ্ট করতে পারে।
হাইব্রিড যুদ্ধের এই চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু সামরিক প্রস্তুতি নয়; বরং তথ্যনিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনসচেতনতা সব কিছুর প্রতি সমান গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশের নিরাপত্তা কাঠামোয় এমন কিছু গভীর দুর্বলতা রয়েছে, যা ভবিষ্যতের যেকোনো যুদ্ধে বড় ধরনের ঝুঁকি হয়ে উঠতে পারে। এসব সীমাবদ্ধতা দ্রুত কাটিয়ে উঠতে না পারলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
প্রথমত, সাইবার নিরাপত্তা এখন সবচেয়ে বড় উদ্বেগের ক্ষেত্র। দেশের ব্যাংকিং, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থা এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক এখনো সুরক্ষিত নয়। ডিজিটাল অবকাঠামোর ওপর নির্ভরতা যত বাড়ছে, সাইবার আক্রমণের ঝুঁকি ততই বাড়ছে। এমন কোনো আক্রমণ সফল হলে তা শুধু আর্থিক খাত নয়, পুরো অর্থনীতিকেই স্থবির করে দিতে এবং জনজীবনে বিপর্যয় সৃষ্টি করতে পারে।
দ্বিতীয়ত, ড্রোন প্রতিরক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা একটি বড় দুর্বলতা। সীমান্ত এলাকায় আধুনিক ড্রোন নজরদারি এবং প্রতিরোধ প্রযুক্তি এখনো পর্যাপ্ত নয়। ফলে তুলনামূলক ছোট শক্তিও ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারে। তৃতীয়ত, সামরিক কৌশলে এখনো প্রচলিত যুদ্ধধারার ওপর নির্ভরতা। বৃহৎ সেনাবাহিনী ও স্থলভিত্তিক প্রতিরক্ষার ওপর গুরুত্ব দেয়া হলেও, আধুনিক যুদ্ধের বাস্তবতায় এটি দ্রুত অকার্যকর হয়ে পড়ছে। নতুন বাস্তবতায় প্রযুক্তিনির্ভর, গতিশীল ও তথ্যভিত্তিক প্রতিরক্ষা কৌশল গ্রহণ জরুরি।
এই দুর্বলতাগুলো মোকাবেলা না করলে ভবিষ্যৎ যুদ্ধে বাংলাদেশ কৌশলগতভাবে পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবে।
‘ডিনায়াল স্ট্র্যাটেজি’ : বাস্তবসম্মত পথ
জর্জ ফ্রিডম্যানের বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, আধুনিক যুদ্ধে লক্ষ্য কেবল জয় অর্জন নয়; বরং প্রতিপক্ষকে জিততে না দেয়া। অর্থাৎ, যুদ্ধের সাফল্য নির্ধারিত হয় শত্রুর পরিকল্পনা ব্যর্থ করার মাধ্যমে। বাংলাদেশের মতো একটি মধ্যম শক্তির দেশের জন্য এই ধারণা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ বড় সামরিক শক্তিকে সরাসরি পরাজিত করার চিন্তা বাস্তবসম্মত নয়; তবে তাদের কৌশলগত লক্ষ্য ব্যাহত করা সম্ভব। এই প্রেক্ষাপটে ‘ডিনায়াল স্ট্র্যাটেজি’ বা প্রতিরোধমূলক কৌশল গুরুত্বপূর্ণ। ইরান এ কৌশলের নাম দিয়েছে ‘মোজাইক কৌশল’। এর অন্যতম উপাদান হলো ছোট ও গতিশীল প্রতিরক্ষা ইউনিট গঠন, যারা দ্রুত স্থান পরিবর্তন করে এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক প্রতিরোধ গড়ে তুলতে পারে। এতে বড় বাহিনীর ওপর নির্ভরতা কমে এবং যুদ্ধক্ষেত্রে নমনীয়তা বাড়ে।
মূলত এটি এক ‘অসম যুদ্ধ’ কৌশল, যেখানে ছোট রাষ্ট্র তার সীমিত সম্পদ ব্যবহার করেও বড় শক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়তে পারে। বাংলাদেশের জন্য এই পদ্ধতি বাস্তবসম্মত এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর উপায় হতে পারে।
ভারত-চীন প্রতিযোগিতা : প্রভাবের লড়াই
ভারত ও চীনের প্রতিযোগিতা এখন আর সরাসরি সামরিক সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি রূপ নিয়েছে প্রভাব বিস্তারের নীরব কিন্তু তীব্র লড়াইয়ে। প্রতিযোগিতার প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে অবকাঠামো বিনিয়োগ, প্রযুক্তি ও ডাটা নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক।
অবকাঠামো খাতে বড় বড় প্রকল্প যেমন, বন্দর, সড়ক, রেল ও জ্বালানি উন্নয়নের মাধ্যমে উভয় দেশই নিজের প্রভাব বিস্তার করতে চায়। প্রযুক্তি ও ডাটার ক্ষেত্রেও প্রতিযোগিতা বাড়ছে, যেখানে ডিজিটাল নেটওয়ার্ক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরির চেষ্টা চলছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ‘ইনফ্লুয়েন্স জোন’ হিসেবে আবির্ভূত হয়েছে।
এ অবস্থায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, এই প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং জাতীয় ও নিরাপত্তা স্বার্থ অক্ষুণ্ন রেখে কৌশলগত সুবিধা অর্জন করা।
কৌশলগত অগ্রাধিকার
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য কয়েকটি কৌশলগত পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে উঠেছে, যা ভবিষ্যৎ হাইব্রিড ও প্রযুক্তিনির্ভর যুদ্ধ মোকাবেলায় কার্যকর হতে পারে। প্রথমত, শক্তিশালী ও স্বতন্ত্র সাইবার কমান্ড গঠন। এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন- বিদ্যুৎ, ব্যাংকিং, টেলিযোগাযোগ এবং তথ্য নেটওয়ার্ক রক্ষা করতে সক্ষম হবে এবং সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
দ্বিতীয়ত, ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি। সীমান্ত এলাকায় আধুনিক ড্রোন নজরদারি ও আক্রমণ ক্ষমতা গড়ে তুললে ছোট আঘাতও কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হবে।
তৃতীয়ত, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা। যুক্তরাষ্ট্র, চীন ও ভারত- এই তিন শক্তির সাথে সমন্বয় ও ভারসাম্য রক্ষা করে বাংলাদেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখা সম্ভব।
চতুর্থত, নৌশক্তি বৃদ্ধি অপরিহার্য। বঙ্গোপসাগরে কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে আধুনিক নৌ-সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন।
পঞ্চমত, তথ্যযুদ্ধ মোকাবেলা জরুরি। ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।
যুদ্ধ শুরুর আগেই হার
আজকের যুগে সবচেয়ে বড় ঝুঁঁকি আর সীমান্তের যুদ্ধ নয়; বরং যুদ্ধ শুরু হওয়ার আগেই একটি রাষ্ট্রের দুর্বল হয়ে যাওয়া। সাইবার আক্রমণ এর অন্যতম প্রধান হাতিয়ার। ব্যাংকিং, বিদ্যুৎ, যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় আক্রমণ হলে দেশের অর্থনীতি ও নাগরিক সেবা স্থবির হয়ে যেতে পারে।
সামাজিক ও রাজনৈতিক বিভাজনও বড় হুমকি। গণমাধ্যম, সামাজিক প্ল্যাটফর্ম ও রাজনৈতিক সঙ্ঘাত ব্যবহার করে জনমত প্রভাবিত করা গেলে দেশ অস্থিতিশীল হয়ে পড়ে। এতে সরকারি নীতির কার্যকর প্রয়োগ কঠিন হয়, সাধারণ মানুষ অনিশ্চয়তায় ভোগে। তাই জাতীয় নিরাপত্তার পরিকল্পনায় এসব নতুন হুমকিকে প্রাধান্য দিয়ে সমন্বিত কৌশল গ্রহণ জরুরি।
ভবিষ্যৎ যুদ্ধ হয়তো সীমান্তে শুরু হবে না; কিন্তু তার অভিঘাত পৌঁছে যাবে প্রতিটি নাগরিকের জীবনে। প্রশ্ন একটিই, বাংলাদেশ কি সেই নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত করতে পারছে? নিরাপত্তা এখন আর কেবল সৈন্য বা অস্ত্রের বিষয় নয়; এটি একটি সর্বাঙ্গীণ রাষ্ট্রীয় চ্যালেঞ্জ।
লেখক : নির্বাহী সম্পাদক, নয়া দিগন্ত



