ভাওয়াল কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ জরুরি

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।

রাসেল আহমেদ

গাজীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য সড়ক পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কলেজটির সামনে রয়েছে ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক; কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেখানে এখনো কোনো ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি।

প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপারে বাধ্য হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কলেজের সামনে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি। এটি নির্মিত হলে শিক্ষার্থীরা নিরাপদে সড়ক পারাপার হতে পারবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।

অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।

লেখক : শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।