যশোরের কেশবপুর উপজেলার জলাবদ্ধতা নিরসনে ভবদহ অঞ্চলের নদী পুনঃখনন চলমান। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্প ঘিরে এ অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে; কিন্তু বুড়ি ভদ্রা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে প্লাস্টিকের নেটের জাল পেতে মাছ ধরা হচ্ছে। এতে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে নদী পুনঃখননের কাক্সিক্ষত সুফল অনেকটাই ম্লান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নদীর বিভিন্ন স্থানে বাঁশ পুঁতে স্থায়ীভাবে নেটের জাল বসানো হয়েছে। এসব জালে কচুরিপানা, শ্যাওলা ও ভাসমান আবর্জনা আটকে গিয়ে পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে ভারী বৃষ্টিপাতের পর বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। ইতোমধ্যে কেশবপুর পৌরসভাসহ আশপাশের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। সরকার যখন কোটি কোটি টাকা ব্যয়ে নদী ও খাল পুনঃখনন করছে, তখন নদীর মাঝখানে অবৈধভাবে নেটের জাল পেতে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করা গ্রহণযোগ্য হতে পারে না।
মৎস্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি। নেটের জাল, কচুরিপানা ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণে কার্যকর অভিযান পরিচালনা করুন।
জি এম মিন্টু
যশোর



