ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাসব্যবস্থা আজ চরম ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় বাসের সংখ্যা অপ্রতুল। ফলে প্রতিদিন গাদাগাদি করে দাঁড়িয়ে যাতায়াত করতে হয় শত শত শিক্ষার্থীকে। নির্ধারিত আসন-ব্যবস্থা না থাকায় বিশৃঙ্খলা নিত্যদিনের সঙ্গী। এর পাশাপাশি, বেশির ভাগ বাসের যথাযথ ফিটনেস সনদ নেই। জরাজীর্ণ যানবাহনে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত তাড়া করে শিক্ষার্থীদের। চালকদের পেশাদারিত্ব ও দক্ষতার ঘাটতিও উদ্বেগের কারণ। অদক্ষ চালকের হাতে জীবন সঁপে দিয়ে ক্যাম্পাসে আসতে হয় প্রতিদিন। তদুপরি, নির্ধারিত সময়সূচি না মানার ফলে সময়মতো ক্লাসে আসতে ভোগান্তির শিকার হতে হয়।
এই সঙ্কট নিরসনে প্রশাসনকে দ্রুত উদ্যোগী হতে হবে। পর্যাপ্তসংখ্যক বাস সংযোজন, ফিটনেসবিহীন গাড়ি বাতিল, দক্ষ ও প্রশিক্ষিত চালক নিয়োগ, সুশৃঙ্খল আসন-ব্যবস্থা প্রবর্তন এবং কঠোরভাবে সময়সূচি মেনে চলা নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই সাথে পরিবহন ব্যবস্থার ওপর নিয়মিত প্রশাসনিক নজরদারি অপরিহার্য।
লেখক : মো: আব্দুল্লাহ আল মুহিত
ইংরেজি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়



