প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করলেন তিনি।
শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে নেপালের মহালাঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত আট হাজার ৪৮৫ মিটার উচ্চতার এ চূড়ায় পৌঁছান বাবর। এটিই কোনো বাংলাদেশী পর্বতারোহীর প্রথম মাকালু জয়।
‘এক্সপিডিশন মাকালু : দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক অভিযানের আয়োজন করে চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। ক্লাবটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন। শিখরে ওঠার সময় বাবরের সাথে ছিলেন শেরপা আং কামি শেরপা।
গ্রেট ব্ল্যাক ওয়ান নামে পরিচিত মাকালু জয়ের উদ্দেশ্যে গত ৭ এপ্রিল দেশ ছাড়েন বাবর। ৯ এপ্রিল টুমলিংটার পৌঁছে সড়কপথে সেদুয়া হয়ে ১৮ এপ্রিল পৌঁছান বেসক্যাম্পে। উচ্চতার সাথে শরীর মানিয়ে নিতে ধাপে ধাপে ক্যাম্প-১ ও ক্যাম্প-২ -এ অবস্থান করেন এবং প্রায় সাত হাজার মিটার উচ্চতা স্পর্শ করে আবার নিচে নেমে আসেন। দ্বিতীয় দফায় সোমবার ক্যাম্প-২ পর্যন্ত উঠে আবারো বেসক্যাম্পে ফেরেন।
পরে অনুকূল আবহাওয়া পেয়ে বৃহস্পতিবার আবার আরোহণ শুরু করেন তিনি। সে দিনই পৌঁছান ছয় হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২ -এ। শুক্রবার ওঠেন সাত হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩ -এ। সেখান থেকে মধ্যরাতে চূড়ান্ত আরোহণ শুরু করে টানা বিপজ্জনক খাড়া পথ অতিক্রম করে ভোরে চূড়ায় পৌঁছান।
অভিযান-ব্যবস্থাপক ফরহান জামান জানিয়েছেন, বাবর শনিবার ক্যাম্প-২ -এ নেমে আসবেন এবং রোববারের মধ্যে বেসক্যাম্পে ফেরার কথা রয়েছে।
২০১০ সালে পার্বত্য চট্টগ্রামে ট্রেকিংয়ের মাধ্যমে পাহাড়ে পথচলা শুরু হয় বাবরের। ২০১৪ সাল থেকে তিনি নিয়মিত পর্বতারোহণে যুক্ত। ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক তিনি। ২০১৭ সালে ভারতের উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নেন।
এর আগে ২০২২ সালে প্রথম বাংলাদেশী হিসেবে আমা দাবলাম জয় করেন বাবর। ২০২৪ সালে একই অভিযানে আরোহণ করেন মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে। ২০২৫ সালে জয় করেন অন্নপূর্ণা-১ এবং একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই আরোহণ করেন মাউন্ট মানাসলু।
সবশেষে মাকালু জয় করে আট-হাজারি শৃঙ্গ জয়ের পথে নিজের পঞ্চম সাফল্য যুক্ত করলেন বাবর আলী—যা বাংলাদেশের পর্বতারোহণে নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে।



