রুশ ড্রোন হামলায় বাবা ও তিন সন্তান নিহত, গর্ভবর্তী মা আহত

ওই ড্রোন হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপের নিচে পরিবারটি আটকা পড়ে। এতে দুই বছর বয়সী যমজ ছেলে, তাদের এক বছর বয়সী বোন ও তাদের বাবা (৩৪) নিহত হন।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলায় লাগা আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা
ড্রোন হামলায় লাগা আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা |সংগৃহীত

ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বশেষ হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের চারজন নিহতের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইউক্রেনীয় এক নেতা বলেছেন, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের বোহোদুখিভ শহরে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। এতে বাবা ও তিন সন্তান নিহত এবং শিশুদের গর্ভবর্তী মা আহত হন।

খারকিভ আঞ্চলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, ওই ড্রোন হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপের নিচে পরিবারটি আটকা পড়ে। এতে দুই বছর বয়সী যমজ ছেলে, তাদের এক বছর বয়সী বোন ও তাদের বাবা (৩৪) নিহত হন।

প্রসিকিউটররা জানিয়েছেন, ৩৫ সপ্তাহের গর্ভবর্তী এক নারীকে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করে। তিনি বিস্ফোরণে আহত হন। মস্তিষ্কে আঘাতসহ তার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে বলে জানানো হয়।

ইউক্রেনের জরুরি পরিষেবা কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির আগুন নেভানোর চেষ্টা করছেন। আর ওই বাড়িটির ভাঙা ছাদের বিম দিয়ে ধোঁয়া উঠছে।

সূত্র : আলজাজিরা