ব্যর্থ নিরাপত্তা মিশন শেষে হাইতি ছাড়ল কেনিয়ার পুলিশ

আমেরিকার দরিদ্রতম দেশ হাইতি বহু বছর ধরেই অস্থিতিশীলতায় ভুগছে। দেশটিতে শক্তিশালী গ্যাংগুলো হত্যাকাণ্ড, ধর্ষণ, লুটপাট ও অপহরণ চালিয়ে যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
কেনিয়ার পুলিশ
কেনিয়ার পুলিশ |বাসস

গ্যাং সহিংসতায় জর্জরিত হাইতিতে নিরাপত্তা সহায়তা মিশনের অংশ হিসেবে মোতায়েন করা কেনিয়ার পুলিশ সদস্যরা দেশটি ছেড়ে চলে গেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) হাইতির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জাতিসঙ্ঘের অনুমোদনে নতুন একটি অভিযান চালু হওয়ার মধ্যেই এই প্রত্যাহার সম্পন্ন হলো।

২০২৩ সালের শেষ দিকে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনে গঠিত বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশনের (এমএসএস) নেতৃত্ব দেয় কেনিয়া। উদ্দেশ্য ছিল হাইতির দুর্বল পুলিশকে সহায়তা করে দেশটিকে শক্তিশালী গ্যাংদের কবল থেকে সুরক্ষা দেয়া। তবে, সশস্ত্র গোষ্ঠীগুলো এখনো বড় বড় এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা দেশজুড়ে ভয়াবহ সহিংসতা চালিয়ে যাচ্ছে।

এদিকে অর্থ ও সরঞ্জামের ঘাটতিতে ভোগা এমএসএস মিশনে প্রত্যাশিত আড়াই হাজার সদস্যের অর্ধেকের মতো সদস্যকেই মোতায়েন করা সম্ভব হয়নি।

গত বছর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ মিশনটিকে আরো শক্তিশালী করে ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’ (জিএসএফ)-এ রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। এতে সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার পুলিশ ও সেনা সদস্য থাকার কথা ছিল। যদিও এটি জাতিসঙ্ঘের কার্যক্রমগত সহায়তা পাচ্ছে, তবুও এটি সরাসরি জাতিসঙ্ঘের বাহিনী নয়। এ পর্যন্ত জিএসএফের ৪০০ সেনা সদস্য হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে পৌঁছেছেন।

হাইতির জাতীয় পুলিশের একটি সূত্র জানায়, কেনিয়ার শেষ পুলিশ দলটি সোমবার (২৭ এপ্রিল) দেশটি ত্যাগ করেছে।

উল্লেখ্য, আমেরিকার দরিদ্রতম দেশ হাইতি বহু বছর ধরেই অস্থিতিশীলতায় ভুগছে। দেশটিতে শক্তিশালী গ্যাংগুলো হত্যাকাণ্ড, ধর্ষণ, লুটপাট ও অপহরণ চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের শুরুর দিকে সহিংসতা তীব্র আকার ধারণ করে। গ্যাংদের হামলার মুখে দেশের অনির্বাচিত প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগে বাধ্য হন।

তার স্থলাভিষিক্ত হয় একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। তবে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সেটি ভেঙে দেয়া হয়। এরপর ক্ষমতা পান প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-এইমে।

দেশটিতে ২০১৬ সালের পর আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় পুরোটা এখন গ্যাংদের নিয়ন্ত্রণে। গত এক বছরে তাদের প্রভাব রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়েছে।

সূত্র : বাসস