ইউক্রেন-রাশিয়া-সংঘাত

রাতভর শতাধিক ড্রোন ও একটি মিসাইল ছুড়েছে রাশিয়া : ইউক্রেন

বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, প্রচণ্ড শীতের কারণে তিনি ‘ব্যক্তিগতভাবে’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলা বন্ধের অনুরোধ করেছিলেন এবং এই বিরতি এক সপ্তাহ স্থায়ী হবে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা |সংগৃহীত

ইউক্রেনে রাতভর শতাধিক ড্রোন ও একটি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৩০ জানুয়ারি) ইউক্রেনীয় বিমানবাহিনী এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভসহ অন্যান্য শহরে এক সপ্তাহের জন্য রুশ হামলা বন্ধে পুতিনের সম্মতির কথা জানান। এর একদিন পরই ফের হামলার খবর এলো। তবে ট্রাম্প তার ওই ঘোষণার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এবং মস্কোও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, সম্ভবত শুধুমাত্র ইউক্রেনের জ্বালানি খাতের ওপর এই সাময়িক যুদ্ধবিরতি প্রযোজ্য হবে।

তিনি আরো জানান, রাশিয়া এই প্রতিশ্রুতি মেনে চলবে কি-না তা নিশ্চিত করতে তিনি ওয়াশিংটনের ওপর ভরসা রাখছেন।

এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শত্রু পক্ষ ভোরোনেজ অঞ্চল থেকে একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল ও ১১১টি ড্রোন নিক্ষেপ করেছে।

গত কয়েক দিনে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালায় রাশিয়া। এতে তীব্র শীতের মধ্যে দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে, বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, প্রচণ্ড শীতের কারণে তিনি ‘ব্যক্তিগতভাবে’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলা বন্ধের অনুরোধ করেছিলেন এবং এই বিরতি এক সপ্তাহ স্থায়ী হবে।

উল্লেখ্য, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর বৃহস্পতিবার রাতে বলেন, সেখানে একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় একজন আহত হয়েছেন।

সূত্র : বাসস