ভেনিজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন

‘এসব ত্রাণসামগ্রী যত দ্রুত সম্ভব পাঠানো হবে। পাশাপাশি উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকার স্যাটেলাইট চিত্রও কারাকাসকে দিচ্ছে বেইজিং।’

নয়া দিগন্ত অনলাইন
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে |বাসস

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনিজুয়েলায় ১০০ মিলিয়ন ইউয়ান বা ১৪ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের দুর্যোগ ত্রাণ সহায়তা পাঠাবে চীন। শক্তিশালী দু’টি ভূমিকম্পে দেশটিতে এক হাজার ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে সমর্থন দিতে ভেনিজুয়েলাকে জরুরি ভিত্তিতে বিনামূল্যে ত্রাণসামগ্রী দেবে চীন সরকার।’

জিয়াকুন বলেন, ‘এসব ত্রাণসামগ্রী যত দ্রুত সম্ভব পাঠানো হবে। পাশাপাশি উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকার স্যাটেলাইট চিত্রও কারাকাসকে দিচ্ছে বেইজিং।’

তিনি আরো বলেন, ‘পরিস্থিতির অগ্রগতির সাথে সাথে প্রয়োজন অনুযায়ী ভেনিজুয়েলাকে আরো সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার (২৬ জুন) ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের কাছে পাঠানো এক শোকবার্তায় জানান, দুর্যোগ মোকাবেলা ও পুনর্গঠন কার্যক্রমে চীন সহায়তা দেবে।

সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে এখন পর্যন্ত চীনের আটজন নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন। বাসস