চামড়ার রং কিছুটা ম্লান, দাগযুক্ত একটি কালো ব্যাগ তৈরি করেছে ইতিহাস। ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা জেন বারকিনের জন্য তৈরি প্রথম হারমেস বারকিন ব্যাগটি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার (বাংলাদেশী টাকায় ১২১ কোটি ৬৮ লাখ টাকা)। এটি এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামী হ্যান্ডব্যাগ।
ব্যাগটি ১৯৮৫ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত ছিল জেন বারকিনের নিত্যদিনের সঙ্গী। সেসময় এটি হয়ে ওঠে বিলাসিতার প্রতীক। ব্যাগটির ডিজাইন করা হয়েছিল ঠিক তার জন্যই, আর সেই থেকেই জন্ম নেয় ‘বারকিন ব্যাগ’ নামক এক ফ্যাশন আইকনের। আলেকজান্ডার ম্যাককুইন ও ক্রিশ্চিয়ান ডিওরের ডিজাইনসহ এই ব্যাগটি বৃহস্পতিবার আন্তর্জাতিক নিলাম সংস্থা সথবিজের বিলাসবহুল ফ্যাশনসামগ্রী নিলামে তোলা হয়েছিল।
নিলামের আগে থেকেই ব্যাগটির জন্য সংগ্রাহকদের এক মিলিয়ন ইউরো পর্যন্ত দর হাঁকাতে দেখা যায়, যা ইতোমধ্যেই আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। নিলামের সরাসরি সম্প্রচার চলাকালীন যখন দাম বাড়তে শুরু করে, তখনই দর্শকদের মধ্যে শুরু হয় গুঞ্জন। সথবিজের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ মিনিট ধরে নয়জন সংগ্রাহকের মাঝে চলা তুমুল দর কষাকষির শেষে ব্যাগটি কিনে নেন জাপানের এক ব্যক্তিগত সংগ্রাহক।
সথবিজের হ্যান্ডব্যাগ ও অ্যাক্সেসরিজ বিভাগের গ্লোবাল হেড মরগান হালিমি এই ঐতিহাসিক বিক্রিকে ফ্যাশন ও বিলাসবহুলতার ইতিহাসে এক ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে অভিহিত করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘একজন কিংবদন্তি কিভাবে মানুষের মনে আকর্ষণ তৈরি করতে পারে এবং কিভাবে এর সাথে জড়িত ইতিহাস সংগ্রাহকদের আগ্রহ ও আবেগ জাগাতে পারে তার চমকপ্রদ নিদর্শন এটি। প্রথম বারকিন ব্যাগ বিক্রি হওয়াটা জেন বারকিনের দীর্ঘস্থায়ী প্রভাব আর জনপ্রিয়তাকেই যেন উদযাপন করে।’
এর আগে, ২০২২ সালে সথবিজ একটি হোয়াইট-ডায়মন্ড খচিত ‘ডায়মন্ড হিমালয়া বারকিন’ চার লাখ ৫০ হাজার ডলারে বিক্রি করেছিল। ২০২১ সালে ক্রিস্টিজ নিলামে এক কুমিরের চামড়ার বারকিন বিক্রি হয়েছিল প্রায় তিন লাখ ৯০ হাজার ডলারে। কিন্তু হীরা খচিত বা সোনায় মোড়া না থাকলেও জেন বারকিনের পুরনো কালো চামড়ার ব্যাগটি ভেঙেছে আগের সব রেকর্ড। এমনকি আগের সবচেয়ে দামী ডায়মন্ড আর কুমিরের চামড়ার তৈরি ‘কেলি ব্যাগ’ও, যার মূল্য ছিল পাঁচ লাখ ১৩ হাজার ডলার।
১৯৯৪ সালে এইডস গবেষণার সুবিধার্থে বারকিন নিজেই এটি বিক্রি করার পর থেকে ‘অরিজিনাল বারকিন’ একাধিকবার হাতবদল হয়েছে। যদিও এটি নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মর্ডান আর্ট এবং লন্ডনের ভিক্টোরিয়া ও অ্যালবার্ট জাদুঘরে জনসমক্ষে পুনরায় প্রদর্শিত হয়েছে। এটি সর্বশেষ ২৫ বছর আগে নিলামে উঠেছিল ’ক্যাথরিন বি.’ নামক এক সংগ্রাহকের মাধ্যমে।
২০২৩ সালে ৭৬ বছর বয়সে মৃত্যুর আগে জেন বারকিন এক সাক্ষাৎকারে ঠাট্টা করে বলেছিলেন, ‘আমি মারা গেলে মানুষ হয়তো কেবল ব্যাগটার কথাই মনে রাখবে।’
সূত্র : সিএনএন



