যুক্তরাষ্ট্রে রাসায়নিক দুর্ঘটনায় নিহত ৮, নিখোঁজ ৩

‘নয়জনের মধ্যে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারগুলোর সাথে যোগাযোগ করতে করোনারের দফতরের সাথে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’

নয়া দিগন্ত অনলাইন
রাসায়নিক দুর্ঘটনা
রাসায়নিক দুর্ঘটনা |বাসস

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। বৃহস্পতিবার (২৮ মে) এক কর্মকর্তা এ তথ্য জানান।

ওয়াশিংটন অঙ্গরাজ্যের লংভিউ শহরে অবস্থিত ওই কারখানায় মঙ্গলবার (২৬ মে) বিপুল পরিমাণ ক্ষারীয় ও বিষাক্ত রাসায়নিক ভর্তি ট্যাংক বিস্ফোরিত হয়ে ধসে পড়ে। এই ভয়াহ দুর্ঘটনার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়।

লংভিউ ফায়ার বিভাগের প্রধান ব্র্যাড হ্যানিগ সংবাদ সম্মেলনে বলেন, ‘নয়জনের মধ্যে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারগুলোর সাথে যোগাযোগ করতে করোনারের দফতরের সাথে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’

এর আগে, বুধবার (২৭ মে) দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। নতুন ছয়জনের লাশ উদ্ধারের পর মোট মৃতের সংখ্যা আটে পৌঁছাল। নিখোঁজ থাকা বাকি তিনজন ইতোমধ্যে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : বাসস