সলোমন দ্বীপপুঞ্জের একটি বড় স্বর্ণখনিতে ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন বলে ১০টি পরিবার তাদের স্বজনদের বিষয়ে অভিযোগ জানিয়েছে। স্থানীয় পুলিশ মঙ্গলবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় দেশটির রাজধানী হোনিয়ারার প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত গোল্ড রিজ খনিতে সোমবার মধ্যরাতের পরপরই এই ভূমিধস ঘটে।
মঙ্গলবার পর্যন্ত উদ্ধার ও অনুসন্ধান অভিযান চললেও, এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর সংখ্যা জানানো হয়নি।
টেটেরে পুলিশ স্টেশনের এক কর্মকর্তা ফোনে জানান, ১০টি পরিবার খনির এলাকায় নিখোঁজ থাকা তাদের পুরুষ স্বজনদের বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, যারা খনি কোম্পানির কর্মী নন, তাদের অনেকেই সেখানে স্বর্ণ খোঁজার জন্য যাতায়াত করতেন।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে এমন মানুষও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খনির কাছাকাছি বসবাসকারী এক বাসিন্দা এর আগে জানিয়েছিলেন, দুর্ঘটনাস্থলে পরিবারগুলো তাদের স্বজনদের খুঁজছে। তবে বড় বড় পাথর ও বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার না করা পর্যন্ত উদ্ধারকাজ কঠিন হবে।
স্থানীয় বাসিন্দা মিলি লুভু সোমবার বলেন, ‘মানুষ তাদের প্রিয়জনদের জন্য কাঁদছে।’
গোল্ড রিজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘খনিটির যে এলাকায় সীমিত কার্যক্রম চলছে ও কার্যক্রম বন্ধ আছে, সেই এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।’
তারা আরো জানিয়েছে, খনির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
গোল্ড রিজ খনির মালিক হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়ানগুও ইন্টারন্যাশনাল মাইনিং।
প্রতিষ্ঠানটি জানায়, চীন ও সলোমন দ্বীপপুঞ্জে খনিশিল্প তাদের প্রধান ব্যবসা।
সলোমন দ্বীপপুঞ্জের অর্থনীতিতে এই খনির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গত বছর খনিটির সম্প্রসারণ কার্যক্রম শুরু হয়।
সূত্র: বাসস



