ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শুক্রবার (১৪ আগস্ট) জানিয়েছেন, গত মাসে তার দেশের ওপর আরোপ করা শুল্ক থেকে অব্যাহতি চেয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ |সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শুক্রবার (১৪ আগস্ট) জানিয়েছেন, গত মাসে তার দেশের ওপর আরোপ করা শুল্ক থেকে অব্যাহতি চেয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করেছেন।

আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘আমি প্রেসিডেন্টকে অনুরোধ করেছি, তিনি যেন পুরোপুরি শুল্ক প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করেন। অন্তত শুল্ক যেন আর না বাড়ানো হয়।’

জোরপূর্বক শ্রম নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে গত মাসে অস্ট্রেলিয়ার ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। একইভাবে আরো ৫৯টি দেশের ওপরও শুল্ক আরোপ করা হয়েছিল।

আলবানিজ বলেন, ট্রাম্পের সাথে তার কথোপকথন ছিল ‘উষ্ণ ও ফলপ্রসূ।’ এ সময় মার্কিন প্রেসিডেন্ট অস্ট্রেলিয়াকে ওই শুল্ক থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি বিবেচনা করতে সম্মত হন।

তিনি আরো বলেন, ‘আমি অনুরোধ করেছি, যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে অস্ট্রেলিয়ার অবস্থানটি বিবেচনা করা হোক। প্রেসিডেন্ট আমার অনুরোধটি বিবেচনা করবেন বলে সম্মত হয়েছেন।’

আলবানিজ বলেন, ‘শুল্কের বিষয়ে আমাদের অবস্থান ভিন্ন। সরকার হিসেবে আমাদের অবস্থান হলো, শুল্ক আরোপ একটি অর্থনৈতিক চাপ। যে দেশ শুল্ক আরোপ করে, তার জন্যও এটি একটি ব্যয়। আমরা অবাধ ও ন্যায্য বাণিজ্যের পক্ষে।’

দুই নেতা এ সময় অকাসের অগ্রগতি নিয়েও আলোচনা করেন। এই চুক্তির আওতায় আগামী ১৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া কমপক্ষে তিনটি ‘ভার্জিনিয়া-শ্রেণির’ পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পাওয়ার কথা রয়েছে।

আলবানিজ বলেন, তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়টিও তুলেছেন। ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেয়া উচিত নয়— অস্ট্রেলিয়ার এ অবস্থানও তিনি পুনর্ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, ‘আমরা সেখানে সংঘাতের অবসান দেখতে চাই— এ কথাও জানিয়েছি।’

সূত্র: বাসস