অস্ট্রেলিয়ার প্রধান বিরোধী লিবারেল পার্টি একটি উপনির্বাচনে কট্টর ডানপন্থী ও ইসলামবিরোধী দল ‘ওয়ান নেশন’-এর কাছে বড় ধরনের পরাজয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতার মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী।
সরকার দলীয় ওই সিনিয়র মন্ত্রী বলেন, উপনির্বাচনে যাদের কাছে লিবারেল পার্টি হেরেছে, সেই ডানপন্থী দলের সঙ্গেই ভবিষ্যতে তাদেরকে জোট করতে হতে পারে।
শনিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে ‘ওয়ান নেশন’ তাদের প্রথম ফেডারেল নিম্নকক্ষ আসনে বিজয় অর্জন করে।
উপনির্বাচনে জয়ের পর দলের নেতা পলিন হ্যানসন বলেন, ‘আমরা এখন অন্য আসনগুলোর দিকে নজর দিচ্ছি।’
তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আর অবহেলিত থাকবেন না। আমরা আপনাদের জন্য জোরালোভাবে কাজ করব।’
পলিন হ্যানসন অভিবাসন কমানোর পক্ষে এবং বারবার ইসলামবিরোধী মন্তব্যের জন্য তিনি সমালোচিত হয়েছেন।
নিউ সাউথ ওয়েলসের গ্রামীণ আসন ফ্যারারে ওয়ান নেশনের প্রার্থী ডেভিড ফার্লি ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সঙ্কট ও অভিবাসন নিয়ে উদ্বেগের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একজন স্বতন্ত্র প্রার্থী ২৮ শতাংশ ভোট, লিবারেল পার্টির প্রার্থী পেয়েছেন মাত্র ১২ শতাংশ ভোট ও গ্রামীণ ন্যাশনাল পার্টি পেয়েছেন ১০ শতাংশ ভোট।
এই আসনটি ১৯৪৯ সাল থেকে লিবারেল-ন্যাশনাল জোটের দখলে ছিল।
সূত্র : বাসস



