হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে নিউজিল্যান্ডে বেকারত্ব বেড়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, ‘বেকারত্ব বৃদ্ধির জন্য সরাসরি দায়ী হলো হরমুজ প্রণালীতে সাম্প্রতিক সংঘাত এবং এর ফলে জ্বালানির মূল্যের ব্যাপক বৃদ্ধি, যা সরাসরি ব্যবসার খরচকে প্রভাবিত করেছে।’
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমরা এই সংঘাতের শুরুতেই বলেছিলাম যে, এটি মুদ্রাস্ফীতি ও বেকারত্ব উভয়কেই মারাত্মকভাবে প্রভাবিত করবে।’
তিনি বলেন, এই সঙ্কট নিউজিল্যান্ডের নিজস্ব তেলের মজুদ বিকাশের প্রয়োজনীয়তাকে আরো জোরদার করেছে।
পিটার্স আরো বলেন, ‘আমাদের যে মজুদ আছে তা খুঁজে বের করে উত্তোলন করার নীতি আমাদের জ্বালানি নিরাপত্তা দেবে এবং আমাদের দেশকে আন্তর্জাতিক সিদ্ধান্ত ও ভূ-রাজনৈতিক প্রভাবের খামখেয়ালিপনা থেকে মুক্ত করবে।’
রয়টার্সের উদ্ধৃত স্ট্যাটিস্টিকস নিউজিল্যান্ডের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ত্রৈমাসিকে নিউজিল্যান্ডের বেকারত্বের হার বেড়ে ৫ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, জ্বালানির উচ্চমূল্যের কারণে মুদ্রাস্ফীতি ৪ দশমিক ১ শতাংশে পৌঁছেছে।
সূত্র: আল জাজিরা



