রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে ইউক্রেনের ড্রোন হামলায় দু’জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দেশটির আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন।
গভর্নর ভিয়াচেসলাভ গ্লাদকভ টেলিগ্রামে বলেন, ‘রাতে চালানো ওই হামলায় ইউক্রেন সীমান্তের উত্তরে স্টারি ওস্কোল শহরের একটি আবাসিক ভবনে আঘাত লাগে। এতে ভবনটিতে আগুন ধরে যায় এবং ভবনটি আংশিকভাবে ধসে পড়ে।’
তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলে কাজ করা উদ্ধারকারীরা দু’জনের লাশ উদ্ধার করেছেন।’
প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মস্কোর প্রায় প্রতিদিনের বোমাবর্ষণের জবাবে রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। মূলত জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করে হামলাগুলো চালানো হচ্ছে।
ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে বহু এলাকা অন্ধকার ও তীব্র শীতে ডুবে গেছে। আর এই শীতে কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনের মধ্য-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে খনি শ্রমিকবাহী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হন।
সূত্র : বাসস



