জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক সম্মেলন সোমবার শুরু হয়েছে। প্রাণঘাতী হান্টাভাইরাস ও ইবোলা প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনার সদস্যপদ প্রত্যাহার ঘিরে অনিশ্চয়তার মধ্যেই সম্মেলনে যোগ দিয়েছেন সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা।
নেদারল্যান্ডসের পতাকাবাহী একটি ক্রুজ জাহাজে বিরল হান্টাভাইরাস সংক্রমণের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি আনুষ্ঠানিক এজেন্ডায় না থাকলেও আলোচনায় এটি আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে নতুন করে ইবোলা প্রাদুর্ভাবের বিষয়টিও আলোচনায় থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক সূত্র বলেছে, এই প্রাদুর্ভাবের ঘটনাগুলোকে ডব্লিউএইচও আলোচনা বা কূটনৈতিক চাপ তৈরির সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে। যার মধ্যে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনাকে সংস্থা না ছাড়ার চাপ দেয়ার বিষয়ও থাকতে পারে।
শনিবার পর্যন্ত চলা ডব্লিউএইচওর বার্ষিক সিদ্ধান্ত গ্রহণকারী এ সম্মেলন এমন সময়ে হচ্ছে, যখন সংস্থাটি কঠিন বছর পার করছে।
যুক্তরাষ্ট্রের ঘোষিত প্রত্যাহার এবং অর্থায়ন কমে যাওয়ায় সংস্থাটি বাজেট ও জনবল কমাতে বাধ্য হয়েছে।
তবে এপ্রিলের শেষ দিকে ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিসুস বলেন, ‘আমরা এখন স্থিতিশীল অবস্থায় আছি এবং এগিয়ে যাচ্ছি।’
সূত্র : বাসস



