পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ শনিবার

‘আগামী শনিবার (৯ মে) আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান। ব্রিগেডে সকাল ১০টায়।’

নয়া দিগন্ত অনলাইন
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির কর্মসূচি
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির কর্মসূচি |সংগৃহীত

আগামী শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান।

বুধবার (৬ মে) এ কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

তিনি বলেন, ‘আগামী শনিবার (৯ মে) আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান। ব্রিগেডে সকাল ১০টায়।’

রাজ্যের মুখ্যসচিবের সাথে বৈঠকের জন্য নবান্নে গিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, পঁচিশে বৈশাখকেই (৯ মে) যে শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য বেছে নেয়া হবে, সেই নিয়ে জোরদার আলোচনা চলছিল। জল্পনা চলছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়েও।

এদিকে, ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান এবং নবান্নের পরিবর্তে মহাকরণ থেকেই সরকার চালানোর বিষয়ে নিয়েও আলোচনা চলছে।

এর আগে, কখনো ব্রিগেডে শপথ নিতে দেখা যায়নি রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে। এত দিন রাজভবনে তথা অধুনা লোক ভবনেই শপথ নিতে দেখা গিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের।

অনেকেই একে নজিরবিহীন বলে আখ্যাও দিয়েছেন। তবে ব্রিগেডের সাথে পশ্চিমবঙ্গের রাজনীতির সম্পর্ক দীর্ঘদিনের। বিবিসি