যুদ্ধবিরতি সত্ত্বেও গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে রুশ হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন, যা গত ৯ মে থেকে কার্যকর হয়।
রোববার (১০ মে) আঞ্চলিক কর্তৃপক্ষ ইউক্রেনের জাপোরিঝিয়া, দনিপ্রোপেত্রোভস্ক ও খেরসন অঞ্চলে একজন করে নিহত হয়েছেন বলে জানিয়েছে।
খেরসন ওব্লাস্ট প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী, গত ৯ মে খেরসন অঞ্চলে নেজলামনে গ্রামে রাশিয়ার ড্রোন হামলায় ৫৮ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ওই নারী রাস্তায় হাঁটার সময় ড্রোনের আঘাতে নিহত হন।
তিনি জানান, শনিবার ভোর থেকে এই অঞ্চলজুড়ে ড্রোন বা আর্টিলারি হামলায় এক শিশুসহ সাতজন আহত হয়েছেন।
দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, গত ২৪ ঘণ্টায় কামান ও ড্রোন হামলায় একজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।
উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনাইহুবভ বলেছেন, খারকিভ শহর এবং এর নিকটবর্তী বসতিগুলোতে ড্রোন হামলায় দুই শিশুসহ আটজন আহত হয়েছেন।
এদিকে গভর্নর ওলেক্সান্দর হানজা জানান, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে শনিবার সিনেলনিকোভ শহরের নিকটবর্তী মেঝিভস্কা কমিউনিটিতে ৪৬ বছর বয়সী এক নারী নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এছাড়া রোববার নিকটবর্তী একটি এলাকায় এক শিশু আহত হয়েছে।
কিয়েভের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে ইউক্রেনের দিকে ২৭টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে, যা সাম্প্রতিক দিনগুলোর তুলনায় কম এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলোই প্রতিহত করেছে।
অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সম্মুখ সমরে ১৪৭টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সূত্র: আল জাজিরা



