ডেনমার্কে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কাছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ডেনমার্কে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
ডেনমার্কে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ |সংগৃহীত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কাছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কোপেনহেগেন থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে হিলেরোদ ও কাগেরুপ শহরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন।

পুলিশ এক বিবৃতিতে ঘটনাটিকে ‘গুরুতর দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে।

পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, ট্রেন দু’টির সব যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই ঘটনায় দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে এবং বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবা সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।’

পুলিশের মুখপাত্র টিম সিমনসেন জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এ বিষয়ে সতর্কবার্তা পাওয়া যায়।

তিনি বলেন, ‘এটি মুখোমুখি সংঘর্ষ ছিল এবং যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।’

তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

নিরাপত্তা রেকর্ড নিয়ে গর্ব করে ডেনমার্ক। তবে ২০১৯ সালে এক ট্রেন দুর্ঘটনায় আটজন নিহত ও ১৬ জন আহত হন। এছাড়া গত বছরের আগস্টে একটি এক্সপ্রেস ট্রেন রেলক্রসিংয়ে একটি খামারের ট্রাককে ধাক্কা দিলে একজন নিহত ও ২৭ জন আহত হন।

সূত্র: বাসস