ইউক্রেনের পূর্ব খারকিভ অঞ্চলের একটি শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছে আরো ১০ জন। সোমবার (১৭ নভেম্বর) নগরীর সামরিক প্রশাসনের প্রধান ভিতালি কারাবানভ এ তথ্য জানিয়েছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় বলেছেন, রুশ সেনাবাহিনী রাতে বালাক্লিয়ার কেন্দ্রে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে, বালাক্লিয়া শহরে রাতের ক্ষেপণাস্ত্র হামলার ফলে তিনজন নিহত হয়েছেন। শিশুসহ ১০ জন আহত হয়েছে।
তিনি আরো বলেন, ‘নয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ভাগ্যবশত সম্ভাব্য আহতদের সম্পর্কে ফোন আসছে।’
খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ এর আগে বলেছিলেন, আহতদের মধ্যে একজন ১৪ বছর বয়সী মেয়ে, ১২ বছর বয়সী শিশু এবং একজন ৬১ বছর বয়সী পুরুষ রয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই ড্রোন বা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনীয় ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করে আসছে। শুক্রবার রাজধানী কিয়েভজুড়ে রাশিয়ার হামলায় সাতজন নিহত হয়েছেন।
শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়া আরো হামলা বাড়িয়েছে। কিয়েভও নিয়মিতভাবে রাশিয়ার তেল শোধনাগার ও অন্যান্য স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সূত্র : এএফপি



