৩১ মার্চ থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ

জাপান ও ফ্রান্স এমন দু’টি বিশেষ অংশীদার দেশ যারা মৌলিক মূল্যবোধ ও নীতিমালায় একমত। এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরো গভীর করবে।

নয়া দিগন্ত অনলাইন
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ |সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়া যাবেন।

শুক্রবার (১৩ মার্চ) টোকিও ও সিউল এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা বলেন, ‘৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ফ্রান্সের ফার্স্ট লেডিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করতে আমরা সম্মত হয়েছি।’

সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘জাপান ও ফ্রান্স এমন দু’টি বিশেষ অংশীদার দেশ যারা মৌলিক মূল্যবোধ ও নীতিমালায় একমত। এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরো গভীর করবে বলে আমরা আশা করি।’

ম্যাখোঁ এর আগে বেশ কয়েকবার জাপান সফর করেছেন। এবার তিনি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে বৈঠক করবেন। গত বছর দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে দু’জনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছিল।

কিহারা জানান, ফরাসি দম্পতি জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীর সাথেও সাক্ষাৎ করবেন।

এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন চীন-জাপান সম্পর্কে টানাপোড়েন চলছে। গত নভেম্বরে তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন, চীন তাইওয়ান দখলের চেষ্টা করলে টোকিও সামরিক হস্তক্ষেপ করতে পারে। আর ম্যাখোঁও গত ডিসেম্বরে চীন সফর করেছিলেন।

এদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিউংয়ের আমন্ত্রণে ম্যাখোঁ ২ থেকে ৩ এপ্রিল দেশটিতে রাষ্ট্রীয় সফর করবেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, নতুন সরকার গঠনের পর ম্যাখোঁ হবেন দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রীয় সফরে আসা প্রথম ইউরোপীয় নেতা।

বিবৃতিতে আরো বলা হয়, এটি ২০১৭ সালে দায়িত্ব নেয়ার পর তার প্রথম দক্ষিণ কোরিয়া সফর এবং কোনো ফরাসি প্রেসিডেন্টের ১১ বছরের মধ্যে প্রথম সফর।

সূত্র বাসস