ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে নাসাকে স্পেনে অবস্থিত তার তিনটি বৈশ্বিক গভীর মহাকাশ যোগাযোগ কেন্দ্রের একটি থেকে শুক্রবার (২৪ জুলাই) কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে। এর ফলে দূরবর্তী মহাকাশযানের সাথে যোগাযোগ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নাসার একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে দেয়া এক বিবৃতিতে জানান, ‘মাদ্রিদ ডিপ স্পেস কমিউনিকেশনস কমপ্লেক্স (এমডিএসসিসি) স্পেনের রব্লেদো এলাকায় অবস্থিত। এটি রাজধানী মাদ্রিদের কেন্দ্র থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ‘দাবানল এমডিএসসিসি এলাকার মধ্য দিয়ে চলে গেছে। নিরাপদ পরিস্থিতি তৈরি হলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি জানা যাবে।’
সংস্থাটি আরো জানায়, কেন্দ্রটির সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
এমডিএসসিসি নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের (ডিএসএন) অংশ। এই নেটওয়ার্কের তিনটি কেন্দ্রের মাধ্যমে নাসা গ্যালাক্সির দূরবর্তী অঞ্চলে অনুসন্ধান চালানো মহাকাশযানগুলোর সাথে যোগাযোগ করে।
ডিপ স্পেস নেটওয়ার্কের অন্য দু’টি কেন্দ্র রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ডস্টোনে।
নাসা জানিয়েছে, ‘এসব কেন্দ্রের মাধ্যমে মহাকাশ মিশনের কার্যক্রমের সহায়তা নির্বিঘ্নে চালিয়ে নেয়া হচ্ছে।’
নাসার বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কর্মীদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি, আশপাশের এলাকায় দাবানলের প্রভাব মোকাবেলা করা পরিবার ও বাসিন্দাদের প্রতিও আমাদের সহমর্মিতা রয়েছে।’
সূত্র: বাসস



