মস্কো অঞ্চলের দিকে ৬২০ ড্রোন, আহত বেশ কয়েকজন

মস্কো অঞ্চলের দিকে গত রাতে মোট ৬২০টি ড্রোন উড়ে আসে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তারা মঙ্গলবার (১৮ আগস্ট) এ তথ্য জানান।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলা
ড্রোন হামলা |প্রতীকী ছবি

মস্কো অঞ্চলের দিকে গত রাতে মোট ৬২০টি ড্রোন উড়ে আসে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তারা মঙ্গলবার (১৮ আগস্ট) এ তথ্য জানান।

যুদ্ধক্ষেত্রে লড়াই প্রায় স্থবির হয়ে পড়েছে। শান্তি আলোচনা বন্ধ রয়েছে। এর মধ্যে ইউক্রেন ও রাশিয়া দূরপাল্লার হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এতে ২০২২ সালের যুদ্ধের প্রথম কয়েক মাসের পর বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ম্যাক্স প্ল্যাটফর্মে বলেন, রাজধানী অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৮০টির বেশি ড্রোন ধ্বংস করেছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ড্রোনের ব্যাপক হামলায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ বছরের একটি মেয়েও রয়েছে।

তিনি বলেন, ‘রাত ও সকালে আকাশ প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক যুদ্ধবিষয়ক বাহিনী মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত করেছে।’

ভোরোবিয়ভ জানান, সবচেয়ে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে পাভলোভস্কি পোসাদ জেলায়। সেখানে একটি বাড়িতে আগুন ধরে পুড়ে যায়।

মস্কোর পূর্বদিকে ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও একটি ড্রোন আঘাত হানে।

কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘হামলার ফলে মস্কো অঞ্চলে কোম্পানির লজিস্টিকস কমপ্লেক্স সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের দেয়ালে ধ্বংসাবশেষ আঘাত হানে।’

রাশিয়ার ড্রোন তৈরিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ ওয়াইল্ডবেরিজ সরবরাহ করে—এমন অভিযোগ তুলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন একাধিকবার কোম্পানিটির গুদামে হামলা চালিয়েছে।

সূত্র: বাসস