পশ্চিম তীরে বড় ধরনের বসতি প্রকল্প বন্ধের দাবি জানিয়ে ইসরাইলের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। ইসরাইলি কর্তৃপক্ষ ওই এলাকায় এক হাজার ২০০টির বেশি বাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করার পর বুধবার (১৯ আগস্ট) এ পদক্ষেপ নেয় ব্রিটেন।
গত বছর অনুমোদিত ই১ প্রকল্পটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা হয়েছে। সে সময় জাতিসঙ্ঘের মহাসচিব বলেছিলেন, প্রকল্পটি একটি সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ‘অস্তিত্বের হুমকি’ তৈরি করছে।
প্রকল্পটি পূর্ব জেরুসালেমকে পশ্চিম তীর থেকে আরো বিচ্ছিন্ন করবে। পূর্ব জেরুসালেম ইসরাইল দখল ও সংযুক্ত করেছে। সেখানে প্রধানত ফিলিস্তিনিরা বসবাস করে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলবে’।
এক বিবৃতিতে মিলিব্যান্ড বলেন, ‘ইসরাইল সরকারকে অবিলম্বে ই১ প্রকল্প বন্ধ করতে হবে, দরপত্র প্রত্যাহার করতে হবে এবং সব ধরনের বসতি সম্প্রসারণ বন্ধ করতে হবে।’
মিলিব্যান্ড বলেন, তিনি ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারের কাছে সরাসরি এই বার্তা দিয়েছেন। একইসাথে ইসরাইলের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
ব্রিটিশ সরকার আগামী কয়েক সপ্তাহের মধ্যে ‘ব্যাপক কিছু পদক্ষেপ’ ঘোষণা করারও প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ‘অবৈধ বসতি সম্প্রসারণে’ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও থাকবে।
মিলিব্যান্ড বলেন, ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ধ্বংসের বিষয়টি ব্রিটেন নীরবে মেনে নেবে না।’
জেরুসালেমের ঠিক পূর্বে প্রায় ১২ বর্গকিলোমিটার আয়তনের ই১ এলাকায় গত বছরের আগস্টে প্রকল্পটির অনুমোদন দেয় ইসরাইল।
এই প্রকল্পের আওতায় অত্যন্ত সংবেদনশীল ওই এলাকায় প্রায় তিন হাজার ৪০০ বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এলাকাটি জেরুসালেম ও ইসরাইলি বসতি মালে আদুমিমের মাঝখানে অবস্থিত।
ইসরাইলি বেসরকারি সংস্থা পিস নাও জানিয়েছে, সর্বশেষ দরপত্রে এক হাজার ২০০টির বেশি আবাসন ইউনিট রয়েছে।
পিস নাও জানায়, ইসরাইলের আবাসন মন্ত্রণালয় ১৮ আগস্ট দরপত্র প্রকাশ করে এবং সাথে সাথে এতে দরপত্র জমা দেয়ার সুযোগ দেয়।
দরপত্র জমা দেয়ার শেষ সময় ১৯ অক্টোবর। ইসরাইলে নির্ধারিত নির্বাচনের এক সপ্তাহ আগে এই সময়সীমা শেষ হবে। আগামী ২৭ অক্টোবর দেশটিতে নির্বাচন হওয়ার কথা।
সংস্থাটি বলেছে, এসব বাড়ি ই১ প্রকল্পের পরিকল্পিত উন্নয়নের প্রায় এক-তৃতীয়াংশ। নির্বাচনের আগে নির্মাণকাজের প্রতিশ্রুতি এগিয়ে নিতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলেও অভিযোগ করেছে তারা।
পশ্চিম তীরের ফিলিস্তিনিদের চলাচলে ইসরাইল কঠোর বিধিনিষেধ আরোপ করে। পূর্ব জেরুসালেম বা ইসরাইলে প্রবেশের জন্য তাদের চেকপোস্ট পার হতে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়।
গত বছর ই১ প্রকল্পের অনুমোদনের নিন্দা জানিয়েছিল যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২১টি দেশ। তারা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছিল।
পূর্ব জেরুসালেম বাদে পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। সেখানে ইসরাইলি বসতি স্থাপনকারীর সংখ্যা প্রায় পাঁচ লাখ।
সূত্র: বাসস



