রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধ শুরুর পর থেকে অন্যতম বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় মস্কোর কাছে একটি বিশাল গুদামে ভয়াবহ আগুন ধরে যায় এবং অন্তত ৬ জন নিহত হন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান রোববার (১৬ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ৮২২টি ড্রোন ভূপাতিতকরার দাবি করেছে। অন্যদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে আসা ৬০০টি ড্রোনের মধ্যে ২০১টি ধ্বংস করা হয়েছে। গত দুই বছরের মধ্যে এটিই মস্কোয় সবচেয়ে বড় হামলা।
হামলায় মস্কোর দক্ষিণে পডোলস্ক এলাকায় অনলাইন খুচরা প্রতিষ্ঠান ওয়াইন্ডবেরিজের একটি বিশাল বিতরণ কেন্দ্র আগুনে ভস্মীভূত হয়। রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে গত এক মাসে ওয়াইন্ডবেরিজের প্রায় ২০টি গুদামে আঘাত হেনেছে। ইউক্রেন সীমান্তবর্তী রোস্তভ অঞ্চলে পাঁচজন এবং মস্কো এলাকায় একজন নিহত হয়েছেন। ২০২৬ সালে ইউক্রেন ১,৫০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো ড্রোন সক্ষমতা অর্জন করায় যুদ্ধের তীব্রতা আরো বেড়েছে।
অন্যদিকে ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন এবং কিয়েভের পেত্রোভকা বইয়ের বাজার আগুনে পুড়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছেন। তবে মার্কিন তৈরি 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসায় দ্রুতগতির ব্যালিস্টিক হামলা ঠেকাতে কিয়েভ বড় ধরনের প্রতিরক্ষাহীনতায় ভুগছে। এছাড়া রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি সন্দেহজনক রুশ ড্রোন ভূপাতিত করেছে ন্যাটোর টহল মিশনে থাকা স্প্যানিশ যুদ্ধবিমান।



