ইউক্রেনের খারকিভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক নারী নিহত এবং আরো এক নারী আহত হয়েছেন।
একই সময়ে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়া-নিয়ন্ত্রিত সেভাস্তোপল শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। উভয় দেশের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রাশিয়া ও ইউক্রেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে একে অপরের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। ইউরোপের এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।
ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ সাইনেগুবভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, খারকিভ অঞ্চলের বালাক্লিয়া শহরে রাতে রাশিয়ার ড্রোন হামলায় ৫৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
তিনি বলেন, হামলায় ২১ বছর বয়সী আরো এক নারী আহত হয়েছেন। হামলায় একাধিক বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপল শহরে ইউক্রেনের হামলার পর পুরো শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানিয়েছেন গভর্নর মিখাইল রাজভোজায়েভ।
সেভাস্তোপল ক্রিমিয়ায় অবস্থিত। রাশিয়া এটি ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়। ইউক্রেন নিয়মিত এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
রাজভোজায়েভ বাসিন্দাদের দুর্বল প্রতিবেশীদের সহায়তা করতে এবং শুধু জরুরি যোগাযোগে ফোন ব্যবহার করতে অনুরোধ জানান, যাতে ব্যাটারি সাশ্রয় হয় এবং বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ না পড়ে।
তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘শত্রু আবারো নৃশংসভাবে আঘাত করছে, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে এবং আতঙ্ক ছড়াতে চাইছে।’
চলমান আক্রমণের পঞ্চম বছরে ইউক্রেনের বিভিন্ন শহরে প্রায় প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলা জোরদার করেছে, বিশেষ করে রাশিয়ার তেল ডিপো ও তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এগুলো তাদের মতে যুদ্ধ অর্থায়নে ব্যবহৃত হচ্ছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: বাসস



